নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে ইডি। এরপর তদন্ত চালিয়ে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যায়। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত ব্যবসায়ীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি। এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। ফিল্ম দুনিয়ায় জড়িত ছিলেন বাকিবুর। তাঁর সিনেমায় কাজ করেছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, রাখী সাওয়ান্ত সহ অনেকেই। তবে কি দুর্নীতির টাকা দিয়েই এই লেনদেন চলত?
আরও পড়ুন: রাজ্যজুড়ে জ্যোতিপ্রিয়র বিপুল সম্পত্তির হদিশ পেল ED, পাহাড়ে বেনামে জমি রয়েছে মন্ত্রীর?


তদন্তকারীদের দাবি, ফিল্ম জগতে কোটি কোটি টাকা ঢেলেছেন বাকিবুর রহমান। বহু পরিচিত অভিনেতা- অভিনেত্রীদের নিজের সিনেমায় কাজ করিয়ে কোটি কোটি টাকা দিয়েছিলেন তিনি। জানা যায়, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় বাকিবুরের একটি ছবিতে কাজ করেছেন। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। বাকিবুরের একটি সিনেমায় আইটেম সং করেছিলেন রাখী সাওয়ান্ত। অর্পিতা, রাখী ছাড়াও বিনোদন জগতের একাধিক তারকাদের সঙ্গে কাজ করেছেন বাকিবুর।

বাকিবুরের প্রযোজনায় অর্পিতা মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন অভিনেতা নাইজেল আকারা। টলিপাড়ার পরিচিত মুখ তিনি। ধৃত ব্যবসায়ীর সিনেমায় কাজ করা নিয়ে নাইজেল জানান, “কে কালো টাকা সাদা করার জন্য ছবি করছে, বা কে অন্যান্য বড় প্রযোজনা সংস্থা যেমন ছবি করে, সেরকম করছে… সেটা আমরা জানি না। আমরা কাজ করি, পারিশ্রমিক পাই। এর বেশি আর কিছু জানি না।” এছাড়াও সিনেমায় দেখা গিয়েছিল টলিউড ইন্ডাস্টির আরও অনেক পরিচিত মুখকে।



গত ১৪ অক্টোবর রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের গ্রেফতারির পর তাঁর সম্পত্তির হদিশ করতে গিয়ে চক্ষু চড়কগাছ ইডির। সূত্রে খবর, বাকিবুর ও তাঁর আত্মীয়ের নামে ৯৫ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। উত্তর ২৪ পরগনা ও বহরমপুর সহ বেশ কিছু জায়গা মিলিয়ে মোট ১ হাজার ৬৩২ কাঠা জমির সন্ধান পাওয়া গিয়েছে। পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসাত ও রঘুনাথপুরে ৯টি ফ্ল্যাট রয়েছে তাঁর।
ফিল্মি দুনিয়ায় দুর্নীতির টাকার লেনদেন! বাকিবুরের সিনেমায় কাজ করেছেন অর্পিতা, রাখী সাওয়ান্ত








