নজরবন্দি ব্যুরোঃ ২০তম HTLS-এ একসঙ্গে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার আর দক্ষিণী অভিনেতা রাম চরণ। নিজেদের কেরিয়ার, সিনেমার ব্যবসা থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনার মতো অনেক কিছুই বললেন তাঁরা। এই প্রসঙ্গেই উঠে এসেছিল ভারতীয় সিনেমার ভবিষ্যতের প্রসঙ্গ।
বিশেষ করে রাম চরণের মতো নতুন তারকারা কীভাবে ভারতীয় সিনেমার ভবিষ্যৎ দেখছেন, সেই বিষয়টি। সেই প্রসঙ্গেই রাম চরণ যা বলেন, তাতে আশাবাদী হতে পারেন বাঙালি দর্শক। কারন কথা প্রসঙ্গে তিনি জানান, “আমি চাই গুজরাতি ছবিতে কাজ করতে। চাই বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করতে।

আমি বাংলা ছবি খুব ভালবাসি। আশা করছি ওখান থেকে আমায় কেউ ছবিতে নিক। এমন একটা ইন্ডাস্ট্রির অংশ হতে চাই যেখানে সীমার কোনও বেড়া নেই।” নিজেকে শুধুমাত্র দক্ষিণী ছবির সুপারস্টার বলে মানতে নারাজ তিনি। তাঁর কাছে ছবি বেড়াজালের ঊর্ধ্বে। আঞ্চলিক ছবি নয়, বরং সব আঞ্চলিক ছবিই আদপে ভারতীয় ছবি– এমনটাই বিশ্বাস করেন তিনি।

উল্লেখ্য, রাম অভিনীত ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। সম্প্রতি এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।

বাংলা সিনেমায় অভিনয় করতে চান দক্ষিণী সুপারস্টার রাম চরণ! কৌতূহল বাড়ছে বাংলার দর্শকদের।
ছবির বিপুল সাফল্যের পর তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে এখন। এবার সেই ছবির সিকুয়্যাল তৈরি করছেন রাজামৌলি। তবে কি ভবিষ্যতে টলিপাড়াতেও দেখা যাবে রামকে? কৌতূহল বাড়ছে বাংলার দর্শশকদের।



