মার্চেই রাজ্যসভা ভোট: বাংলার ৫-সহ ১০ রাজ্যের ৩৭ আসনে নির্বাচন, সূচি ঘোষণা কমিশনের

আগামী ১৬ মার্চ বাংলার ৫-সহ ১০ রাজ্যের ৩৭টি রাজ্যসভা আসনে ভোট। ২৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি, ৫ মার্চ মনোনয়ন জমার শেষ দিন—সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে আসন্ন রাজ্যসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পাঁচটি-সহ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ ভোট হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বাংলার পাঁচ আসন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর অঙ্ক কষাকষি।

এই পাঁচটি আসনের বর্তমান সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। তাই তার আগেই নতুন প্রতিনিধিদের নির্বাচনের জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। সূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমার শেষ দিন ৫ মার্চ, যাচাই ৬ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ।

বাংলার রাজ্যসভা সমীকরণে ইতিমধ্যেই বদল এসেছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পাশাপাশি তৃণমূলের তিন সাংসদ—সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। একই দিনে ছ’বছরের মেয়াদ শেষ হচ্ছে সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যেরও।

এই পাঁচটি আসনেই ১৬ মার্চ নির্বাচন হবে। বর্তমান বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা। বাকি একটি আসনে নিজেদের প্রার্থীকে জেতানোর মতো সংখ্যা রয়েছে বিজেপির।

তবে কোনও আসনে যদি একমাত্র প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না এবং সেই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত