ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়ে যায়, কিন্তু এ বার সেই রুদ্ধশ্বাস লড়াইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে কলম্বোর আকাশ। রবিবার সারাদিনই বৃষ্টির পূর্বাভাস থাকায় সূর্যকুমার যাদবদের সঙ্গে সলমন আলি আঘাদের মহারণ আদৌ পূর্ণাঙ্গভাবে হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আবহাওয়ার হিসেব বলছে, সকাল থেকে রাত পর্যন্ত একাধিক দফায় বৃষ্টি নামতে পারে, যা ম্যাচের গতি-প্রকৃতিতেই বড় প্রভাব ফেলতে পারে।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোয় মোট ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া—গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার, যা সর্বোচ্চ ২৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দু’দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টির সম্ভাবনা গড়ে ৭৩ শতাংশ। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। ঘণ্টা ধরে সম্ভাবনা বাড়তে দেখা যাচ্ছে—সকাল ১০টা নাগাদ তা পৌঁছতে পারে ৬০ শতাংশে, আর সকাল ১১টায় ৬৪ শতাংশে।
দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৬ শতাংশ। এই সময়ের মধ্যে ৬.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে ঘণ্টা ধরে ৪৯ থেকে ৫৯ শতাংশের মধ্যে ওঠানামা করবে বৃষ্টির সম্ভাবনা।
সন্ধ্যা ৬টার পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার ইঙ্গিত থাকলেও পুরোপুরি স্বস্তি নেই। মেঘলা আকাশের ফাঁকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনা গড়ে ২০ শতাংশের আশেপাশে থাকবে।
আইসিসি জানিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচে অতিরিক্ত ৬০ মিনিট সময় রাখা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচ শেষ হওয়ার কথা ভারতীয় সময় রাত ১০টা ১০ মিনিটে। অতিরিক্ত সময় মিলিয়ে রাত ১১টা ১০ মিনিটের মধ্যে খেলা শেষ করতে হবে। প্রয়োজনে ৫ ওভারের ম্যাচও হতে পারে। তবে গ্রুপ পর্বে কোনও রিজ়ার্ভ ডে নেই।



