নজরবন্দি ব্যুরো: মোদী পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধীকে দু’বছর জেলের সাজা শুনিয়েছিল সুরাত আদালত। এবার সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ, কংগ্রেস নেতাকে এখনই জেলে যেতে হচ্ছে না। পাশাপাশি, নিজের সাংসদ পদও ফিরে পেতে পারেন কংগ্রেস নেতা।
আরও পড়ুন: বিএড কলেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুমোদন বাতিল বোসের
গত ২৩ মার্চ সুরাত আদালত মোদী পদবি অবমাননা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দু’বছর জেলের সাজা দেওয়ার নির্দেশ দেয়। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে আবেদন জানান। এর আগে অবশ্য রাহুলের স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় গুজরাত হাই কোর্ট। শুক্রবার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিল।

আজ রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির তরফে আবেদনে বলা হয়, ‘‘যদি গুজরাত হাই কোর্টের ৭ জুলাইয়ের রায় স্থগিত না করা হয়, তবে তা বাক্স্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি করবে।’’

অভিযোগ ছিল, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্য করেন রাহুল গান্ধী। তা নিয়েই শুরু হয় বিতর্ক এবং তা আদালতেও গড়ায়। দু’বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয় সুরাত আদালতের তরফে। সাংসদ পদও খারিজ হয়ে যায়। এবার জেলের সাজায় স্থগিতাদেশ আসায় রাজনৈতিক বিসশেষজ্ঞরা মনে করছেন, সাংসদ পদও ফিরে পাওয়ার সম্ভাবনা বাড়ল রাহুলের।
জেলে যাচ্ছেন রাহুল গান্ধী! কী রায় সুপ্রিম কোর্টের?




