ভারতের প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক পদক্ষেপ! ফ্রান্সের যুদ্ধবিমান নির্মাতা দাসো অ্যাভিয়েশন-এর সঙ্গে বড়সড় চুক্তি স্বাক্ষর করল ভারতের টাটা গোষ্ঠী। এই চুক্তি অনুযায়ী, রাফাল যুদ্ধবিমানের মূল কাঠামো তৈরি হবে ভারতে, তা-ও আবার টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL)-এর হাত ধরে।
এর আগেও এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস-এর সঙ্গে C-295 সামরিক পরিবহণ বিমান তৈরির জন্য চুক্তি করেছিল টাটা গোষ্ঠী। এবার দাসোর সঙ্গে যৌথ উদ্যোগে, ২০২৮ সাল থেকে হায়দরাবাদের কারখানায় রাফাল যুদ্ধবিমান তৈরির কাজ শুরু হবে। সম্পূর্ণরূপে চালু হলে প্রতি মাসে ২টি রাফাল কাঠামো তৈরি করা যাবে।
রাফাল এখন ‘মেইড ইন ইন্ডিয়া’: টাটা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, কেবল ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নয়, হায়দরাবাদে নির্মিত এই রাফাল যুদ্ধবিমান আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হবে।
এই চুক্তির মাধ্যমে ভারত বিশ্ববাজারে বিমান নির্মাণ ক্ষমতার একটি শক্তিশালী প্লেয়ার হিসেবে উঠে আসবে।
পূর্ববর্তী চুক্তির পটভূমি: ২০১৬ সালে ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ফ্রান্স থেকে। ওই চুক্তি নিয়ে তখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল কারণ রিলায়েন্স ADAG-কে রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির দায়িত্ব দেওয়া হয়। এবার টাটা গোষ্ঠীর হাতে নির্মাণ দায়িত্ব যাওয়ায় বিষয়টি আরও স্বচ্ছ ও আত্মনির্ভর ভারতের দিকে এক বড় পদক্ষেপ।
দাসো অ্যাভিয়েশনের CEO এরিক ট্র্যাপিয়ার বলেন:“ভারতের অন্যতম শীর্ষ প্রযুক্তিভিত্তিক সংস্থার সঙ্গে এই যৌথ উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। এই চুক্তি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।”



