রাহুল অরুণোদয়ের মৃত্যুর পর টলিউডে নিরাপত্তা বিতর্কের মাঝেই এবার সামনে এল নতুন মতবিরোধ। সোশ্যাল মিডিয়ায় ‘ব্যান’ প্রসঙ্গ ঘিরে পরোক্ষভাবে দেব-কে খোঁচা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা—কারও উদ্দেশ্যে কিছু বলার থাকলে আগে সরাসরি জানানো উচিত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঠিক নয়।
টেকনিশিয়ান স্টুডিওতে West Bengal Motion Picture Artists’ Forum-এর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বলেন, “যাঁর উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে, তাঁকে আগে জানানো উচিত। পাবলিক ফোরামে এভাবে ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা আমি জানি না।”
এই মন্তব্যের প্রেক্ষিতে টলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, সম্প্রতি দেব একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে ‘৭২ ঘণ্টা’ সময়সীমা বেঁধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন—যা নিয়েই এই মন্তব্য বলে মনে করছেন অনেকে।
প্রসেনজিৎ আরও বলেন, ইন্ডাস্ট্রির সমস্যা নতুন নয়—দীর্ঘদিন ধরেই বিভিন্ন ইস্যু আদালত পর্যন্ত গড়িয়েছে। তাঁর মতে, এই ধরনের সমস্যা সমাধানের জন্য আলোচনার পথই সবচেয়ে কার্যকর। “জেনারেল মিটিং ডেকে বা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত,”—মন্তব্য তাঁর।
একই সঙ্গে রাহুল অরুণোদয়ের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুতেও সরব হয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা এখনও জানি না কীভাবে একজন শিল্পী শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন। সেই উত্তর খুঁজতেই আমরা লড়ছি।”
ফোরামের তরফে জানানো হয়েছে, প্রযোজকদের সঙ্গে আলোচনা করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খুব শীঘ্রই কার্যকর হবে। পাশাপাশি কর্মহীন শিল্পীদের কাজে ফেরানোর বিষয়েও আলোচনা চলছে।
সব মিলিয়ে, একদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের নীতি—এই দুই ইস্যু মিলিয়ে টলিউডের অন্দরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। এখন দেখার, এই মতভেদ কীভাবে মেটানো হয়।



