নজরবন্দি ব্যুরো: ২০১৪, তারপর ২০১৯, পর পর দু’বার বারাণসী কেন্দ্র থেকেই ভোটে জিতেই প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। বছর ঘুরলেই আবার লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদী যে বারাণসী থেকেই লড়বেন তা প্রায় নিশ্চিত। এবার শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করলেন, বারাণসীতে মোদীকে হারাতে পারেন একমাত্র প্রিয়াঙ্কা গান্ধী।
আরও পড়ুন: কন্যাশ্রীর মঞ্চে আবেগপ্রবণ মমতা, নিজের লেখা কবিতা পাঠ মুখ্যমন্ত্রীর


সঞ্জয় রাউত বলেছেন, “বারাণসীর মানুষ প্রিয়াঙ্কা গান্ধীকেই চায়। যদি প্রিয়াঙ্কা বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়ান, তাহলে প্রিয়াঙ্কার জয় নিশ্চিত। রায়বেরিলী, বারাণসী, আমেঠি বিজেপির কাছে জেতা চ্যালেঞ্জের বিষয়”।

রায়বরেলি ও আমেঠি বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। ২০১৪ সালে উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়ের মধ্যেও এই দুটো আসন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছিল কংগ্রেস। সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী দু’জনেই জিতে গিয়েছিলেন। যদিও ৫ বছর পর আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজার ভোটে হারেন রাহুল গান্ধী। যদিও রায়বরেলী থেকে সনিয়া গান্ধী জিতে যান।



সেখানে প্রিয়াঙ্কা গান্ধী এখনও একবারও লোকসভায় প্রার্থীই হননি। যদিও রাজনীতিতে এসেছেন অনেক দিনই হল। ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভায় প্রিয়াঙ্কাকে দায়িত্ব দেয় কংগ্রেস। যদিও প্রিয়াঙ্কা পারেননি যোগী আদিত্যনাথকে আটকাতে। তবে, প্রিয়াঙ্কার নেতৃত্বেই আবার ২০২২ সালে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে সাফল্য পায় কংগ্রেস।

এখন, আগামী লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধীকে কোন কেন্দ্রের প্রার্থী করে কংগ্রেস সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। আর, যদি বারাণসীতেই মোদীর বিপক্ষে দাঁড়ান প্রিয়াঙ্কা তাহলে সঞ্জয় রাউতের কথাটাই সত্যি বলে প্রমাণিত হবে না তো?
বারাণসীতে মোদীকে হারাতে পারেন একমাত্র প্রিয়াঙ্কাই, দাবি শিবসেনা নেতার








