সকালেও ছিলেন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সাংবাদিক বৈঠকে, আর কয়েক ঘণ্টার মধ্যেই গেল পদ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে বড় প্রশাসনিক সিদ্ধান্তের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিকাশ ভবনে তলব করার পর সন্ধ্যাতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে শিক্ষা দফতর সূত্রে খবর।
নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষা দফতরে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। সেই আবহেই এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও শিক্ষামহল। তৃণমূল জমানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রিয়দর্শিনী। তাঁর নিয়োগ নিয়েও অতীতে কম বিতর্ক হয়নি।


সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ প্রিয়দর্শিনী মল্লিককে বিকাশ ভবনে ডাকা হয়। এরপর তাঁকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরিয়ে ফের আশুতোষ কলেজে সহকারী অধ্যাপকের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রিয়দর্শিনীর নাম এর আগেও বিতর্কে জড়িয়েছিল। ২০২৩ সালে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন তাঁর বাবা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় তদন্তে নেমে ইডি দাবি করেছিল, একাধিক ভুয়ো সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র মিলেছে, যেখানে ডিরেক্টর হিসেবে প্রিয়দর্শিনীর নামও ছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
রেশন দুর্নীতির তদন্ত চলাকালীন বিরোধীরা প্রশ্ন তুলেছিল, টিউশন পড়িয়ে কীভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হলেন প্রিয়দর্শিনী। সেই সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে তাঁর নিয়োগ নিয়েও সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে।


তবে শিক্ষাক্ষেত্রে তাঁর একাডেমিক পরিচয়ও যথেষ্ট উল্লেখযোগ্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আশুতোষ কলেজে পূর্ণ সময়ের অধ্যাপিকা হিসেবে কর্মরত প্রিয়দর্শিনী মল্লিকের বিশেষজ্ঞ ক্ষেত্র মাইক্রোবায়োলজি, লাইফ সায়েন্স, ভাইরোলজি, ইমিউনোলজি এবং মেডিক্যাল মাইক্রোবায়োলজি। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
নতুন সরকারের এই পদক্ষেপকে শিক্ষা প্রশাসনে ‘ক্লিন-আপ ড্রাইভ’-এর অংশ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি প্রিয়দর্শিনী মল্লিক।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



