নজরবন্দি ব্যুরোঃ টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চলতি বছর ১০ই ডিসেম্বর টেট পরীক্ষা হবে। ২০২৩ সালের প্রাথমিক টেট-এর দিনক্ষণ ঘোষণা করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ বুধবার সাংবাদিক বৈঠকে পর্ষদের তরফে জানানো হয়, আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে বেলা ২ টো ৩০ মিনিট পর্যন্ত হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা৷
আরও পড়ুনঃ স্পেনে পা রাখলেন মমতা, আজ বিশ্রাম, বিষ্যুদেই বৈঠক লা-লিগা প্রেসিডেন্টের সঙ্গে


পর্ষদ সভাপতি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে টেটের দিন ঘোষণার বিজ্ঞপ্তি খবরের কাগজগুলিতে প্রকাশিত হবে। আগামী কাল ১৪ সেপ্টেম্বর থেকে নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা শুরু হবে। এদিন সন্ধ্যে সাতটা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া চলবে ৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত। পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী এ বছর আগের বছরের মতোই ওএমআর সিটের একটি কপি পর্ষদের কাছে থাকবে, এবং আরেকটি কপি পরীক্ষার্থীকে দেওয়া হবে। দুর্নীতিমুক্ত টেট পরীক্ষা এবং স্বচ্ছ নিয়োগ যাতে হয় সেই দিকে কড়া নজর রাখবে পর্ষদ।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিএড ডিগ্রিধারীরা এ বছর টেটে বসতে পারবেন না। তবে ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকের অন্য প্রশিক্ষণ যাঁরা নিয়েছেন, তাঁরা টেট পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন।


প্রাথমিকে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধ পরিকর রাজ্য।

এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী টেট-এর দিনক্ষণ ও পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে জানান। তিনি বলেন, “আগামী ১০ ডিসেম্বর, রবিবার প্রাথমিকে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। আজ সন্ধেবেলাতেই টেট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামীকাল থেকেই ইচ্ছুক প্রার্থীরা ফর্ম ফিলআপ করতে পারবেন।” পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল শেষ প্রাথমিক টেট পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এদিন তিনি বলেন, ‘সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব।’







