নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে। অপরদিকে গরমের দাপুটে ইনিংসে রীতিমতো ঝলসে গিয়েছে গোটা দক্ষিনবঙ্গ। যত সময় এগিয়েছে ততই বেড়েছে তাপমাত্রা। তবে এবার দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর দিল আলিপুর হাওয়া অফিস। সেইমতো নববর্ষ থেকেই বৃষ্টি বাংলায়।
আরও পড়ুনঃ সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল


আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আগামী পয়লা বৈশাখ থেকেই আকাশ মেঘলা থাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। একই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বেশকিছু জেলাতে। তবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টিপাতের আভাস না মিললে ও আগামী ১৫ই এপ্রিল বৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বেশকিছু জেলায়। সেইসঙ্গে আপেক্ষিক আদ্রতা বেশি থাকবে দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে।
প্রথমে সর্বাধিক ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে থাকলেও বিকেলের পর থেকে বদলাবে গোটা পরিস্থিতি। দক্ষিনা হাওয়ার জেরে স্বস্তি মিলতে পারে শহরবাসীর। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ও কোচবিহারের মতো জেলা গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই রকমভাবে আগামীকাল সকাল থেকেই মালদহ সহ দুই দিনাজপুরে ও বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
নববর্ষ থেকেই বৃষ্টি বাংলায়, জানাল হাওয়া অফিস

একইরকম ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেজন্য আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হওয়ার কথাও শোনা গিয়েছে। তবে দুই মেদিনীপুর সহ বীরভূম, ও মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। একইরকম পরিস্থিতি দেখা দিতে পারে দুই ২৪ পরগনা ও নদীয়া জেলাতে। উল্লেখ্য,এপ্রিলের শুরু থেকেই ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল পুরুলিয়া ও বাঁকুড়ার তাপমাত্রা। তবে আগামীকাল থেকে অনেকটাই স্বাভাবিক হতে পারে পারদ।










