নজরবন্দি ব্যুরোঃ আদালতের নির্দেশের পরেও অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার জট কাটছিল না। অবশেষে সোমবার তা স্পষ্ট করে দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, কলকাতা হাই কোর্টের নির্দেশমতো আসানসোল থেকে কলকাতায় যাওয়ার সময় নিরাপত্তা দিতে হবে পুলিশকেই। কলকাতার হাসপাতালে মেডিক্যাল টেস্ট হওয়া পর্যন্ত অনুব্রতর সমস্ত দায়িত্ব আসানসোল কারা কর্তৃপক্ষের। মেডিক্যাল টেস্টে ফিট সার্টিফিকেট পাওয়া গেলে তারপরই তাঁর দায়িত্ব ইডি’র কাছে হস্তান্তর করা যাবে।
আরও পড়ুনঃ Nawsad Siddiqi: আমার সংকল্প নিয়ে এগিয়ে যাবো, বিধানসভায় ফিরে বার্তা নওশাদের


গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নাছোড়বান্দা তদন্তকারী সংস্থা। অন্যদিকে, দিল্লি যাত্রা রুখতে মরিয়া কেষ্ট। কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও জট কাটল না। শেষমেশ দিল্লি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। এদিন শনিবার অবধি আসানসোলের জেল কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে অনুব্রতর অবস্থান জানতে চান ইডির আধিকারিকরা। বাধ্য হয়ে আদালতের পথ বেছে নেন তাঁরা।

এর আগে আসানসোলের সংশোধনাগারের তরফে আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বারবার ইডির কোর্টে বল ঠেলে দেওয়া হচ্ছিল। শেষমেশ বিষয়টি আদালতে গড়ায়। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর সাফ নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ পালন করা হোক। জেল কর্তৃপক্ষ মেল এবং ফোনের মাধ্যমে আসানসোল পুলিশকে এবং ইডি আধিকারিক পঙ্কজ কুমারকে সব তথ্য জানিয়ে দেবেন।
কলকাতা যাওয়ার সময় নিরাপত্তা দিতে হবে পুলিশকেই, সাফ নির্দেশ আদালতের

সোমবার আসানসোলের বিশেষ আদালতে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল এসএস কুলদীপ এবং তাঁর সহযোগীরা।সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে কিছু ক্ষণ আলোচনা করেন তিনি। যদিও তাঁদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়।









