নজরবন্দি, দক্ষিণ দিনাজপুরঃ গত বৃহস্পতিবার থেকেই ইউক্রেন হামলা চালানো শুরু করে রুশ বাহিনী। সময় এগোনোর সাথেই জটিল হতে থাকে সেখানকার পরিস্থিতি। যারফলে সেখানেই আঁটকে পরে বহু ভারতীয় নাগরিক। তবে রুশ হামলার কারনে ইউক্রেনের এয়ারবেস বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। যারফলে প্রতিবেশী দেশ পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ার পথে বিশেষ বিমানের মাধ্যমে আনা হতে থাকে আঁটকে পড়া নাগরিকদের। তবে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে দুর্ভোগের শিকার হতে হয় অনেকেই।
আরও পড়ুনঃ Russia Ukraine Conflict: হিটলারের মতো স্বৈরাচারী পুতিন, মিউজিয়াম থেকে সরানো হল মুর্তি
এসবের মধ্যেই হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছে কোনওক্রমে বিমান ধরে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া। অলোক মিশ্র ও ক্যালসেইন ক্যালসো ভুটিয়া। আজ দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন দুজনে। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।
শোনা যায়, রুশ ও ইউক্রেন সেনাদের গুলির লড়াইয়ের মাঝেই দুজনে মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রায় কখনও জঙ্গল, কখনও গ্রামের রাস্তা ধরে ৪৫ কিলোমিটার হেঁটে পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্তে। তারপর সেখান থেকে দেশে ফেরার বিমান ধরেন লাভিভ মেডিক্যাল মিশন ইউনিভার্সিটির দুই পড়ুয়া দ্বিতীয় বর্ষের ক্যালসেইন ক্যালসো ভুটিয়া ও তৃতীয় বর্ষের অলোক মিশ্র।
দুই পড়ুয়া জানান, সেখানে কোনও যোগাযোগের ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কখনও জঙ্গল পেরিয়ে, কখনও গ্রামের রাস্তা ধরে তাঁরা অবিরাম হেঁটে গিয়েছেন। লক্ষ্য ছিল পোল্যান্ড সীমান্ত। অবশেষে গন্তব্যে পৌঁছন তারা। সেখানেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পর দেশে ফেরার বিমানে ওঠার সুযোগ মেলে। তারা আরও বলেন, ইউক্রেন পেরিয়ে বর্ডার পয়েন্টে আসাটা ছিল দারুণ চ্যালেঞ্জিং। তারপর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর পেয়েছেন আশ্রয়, খাওয়া-দাওয়া। শেষপর্যন্ত বিমানে করে দেশে ফিরতে পেরেছেন দুজনে।
৪৫ কিলোমিটার হেঁটে পৌঁছেছিলেন পোল্যান্ড,অবশেষে বাড়ি ফিরলেন দুই পড়ুয়া

ছয় মাস আগে ছুটিতে শেষবার বাড়িতে ফেরার পর আজ আতঙ্কের ছাপ নিয়ে এদিন দেশে উদ্দেশ্যে রওনা দিতে পারায় খুশি দুই পড়ুয়া। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ হলে ফের ইউক্রেন যাবেন বলে জানান দুজনে। তবে সমস্ত বাঁধা-বিঘ্ন অতিক্রম করে দুই পড়ুয়াকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা।



