নবান্নে পৌঁছল বকেয়া DA-র ফাইল, সবুজ সঙ্কেতেই মিলতে পারে স্বস্তি

শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া DA-র পূর্ণাঙ্গ নথি নবান্নে জমা পড়েছে; শীর্ষস্তরের অনুমোদন পেলেই শুরু হতে পারে অর্থ মেটানোর প্রক্রিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এক ধাপ এগোল রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রক্রিয়া। সরকারি সূত্রে খবর, সংশ্লিষ্ট সমস্ত নথি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নবান্ন-এ। ফলে এখন চূড়ান্ত অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মী।

শিক্ষা দপ্তরের অন্দরের তথ্য বলছে, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই গুরুত্বপূর্ণ ফাইল পাঠানো হয়েছে। এর আওতায় রয়েছেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এর আগে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তর আলাদাভাবে বকেয়া DA-র হিসেব তৈরির কাজ শুরু করেছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্য ভাতার বিস্তারিত তথ্য সংগ্রহ করে তা একত্রিত করা হয়। সেই সমন্বিত হিসেবই এখন নবান্নে জমা পড়েছে।

Shamim Ahamed Ads

প্রশাসনিক মহলের মতে, ফাইলটি এখন উচ্চপর্যায়ের পর্যালোচনায় রয়েছে। সবুজ সঙ্কেত মিললেই বকেয়া DA মেটানোর পরবর্তী ধাপ শুরু হতে পারে। এই মুহূর্তে অর্থ দপ্তরের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্ট-এর নির্দেশের পরেই রাজ্য সরকার এই প্রক্রিয়াকে গতি দেয়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, শুধু সরকারি কর্মচারী নন—শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত ও পুরসভার কর্মী এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও DA পাওয়ার অধিকারী। যদিও সরকারি কর্মীরা ইতিমধ্যেই বকেয়া DA পেয়েছেন, বাকি অংশের কর্মীরা এতদিন অপেক্ষায় ছিলেন মূলত নথি তৈরির জটিলতার কারণে।

সম্প্রতি নবান্নে অর্থ দপ্তর ও অন্যান্য প্রশাসনিক দপ্তরের মধ্যে একাধিক বৈঠকের পর সেই জট কাটে। তারই ফলশ্রুতিতে দ্রুততার সঙ্গে নথি প্রস্তুত করে পাঠানো হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে মিলবে চূড়ান্ত অনুমোদন, আর কবে হাতে আসবে বহু প্রতীক্ষিত বকেয়া DA।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত