প্রথম দফায় বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। আসানসোল থেকে নায়ক-গায়ক পবন সিংহকে টিকিট দেয় গেরুয়া দল। যদিও ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেন স্বয়ং পবন। এবার আবার মতবদল করলেন তিনি! জানালেন, আসন্ন লোকসভায় পদ্ম প্রতীকেই লড়বেন পবন। তবে, কোন কেন্দ্র থেকে তা নিয়ে কিছু জানা যায়নি!
আরও পড়ুন: ‘হিন্দু বাঙালির মারণফাঁদ’, CAA বিরোধিতায় সরব বাংলা পক্ষ
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংহকে নিয়ে শুরু হয় বিতর্ক। তৃণমূলের তরফে বাঙালি বিদ্বেষী থেকে শুরু করে একের পর এক অভিযোগ আনা হয় পবনের বিরুদ্ধে। প্রথমে কিন্তু এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ধন্যবাদ জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু পবনের নাম ঘোষণার পর থেকেই আদা জল খেয়ে ময়দানে নামে তৃণমূল।

অভিযোগ, পবনের একাধিক মিউজিক ভিডিও-তে বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে। সুর তোলেন রাজ্যসভায় সদ্যজয়ী তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। পবন এক্স হ্যান্ডেলে লেখেন, “আমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। দল আমার উপর ভরসা করেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু বিশেষ কারণের জন্য আমি আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না।’’

তৃণমূলের ‘খোঁচা’ খেয়ে ভোটে না লড়ার সিদ্ধান্ত, বিজেপির হয়েই আবার ‘প্রত্যাবর্তন’ পবনের!
मैंअपने समाज जनता जनार्दन और माँ से किया हुआ वादा पूरा करने के लिए चुनाव लडूँगा
आप सभी का आशीर्वाद एवं सहयोग अपेक्षित है
जय माता दी— Pawan Singh (@PawanSingh909) March 13, 2024
এবার পবন ফের এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘‘সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা আমি দিয়েছি তা রাখতেই আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হব। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা কাম্য।’’ জানা যাচ্ছে, পবন বিহারের আরা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। কারণ, তিনি সেখানেরই ছেলে। অন্যদিকে, আসানসোলে অক্ষরা সিংহের নাম প্রার্থী হিসাবে উঠে এলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি।




