নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, পাটুলিতে গ্রেপ্তার দুই যুবক

পাটুলি এলাকায় সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় নাবালিকাকে নির্জন ঘরে নিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় দুই যুবক গ্রেপ্তার, পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পুজোর আনন্দের আবহে ফের শিউরে ওঠার মতো অভিযোগ কলকাতায়। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে এক নাবালিকাকে নির্জন ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার পাটুলি এলাকায়। ঘটনার পর পরিবার থানায় অভিযোগ দায়ের করতেই তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, আর সামনে আসছে ঘটনার নৃশংস বিবরণ।

পুলিশ সূত্রে খবর, সরস্বতী পুজোর আগের সন্ধ্যায় পরিচিত দুই যুবক ঘুরতে যাওয়ার কথা বলে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর তাকে এলাকার একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে মদ্যপানের পর গণধর্ষণ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে ক্ষতির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ভীতসন্ত্রস্ত অবস্থায় নাবালিকা বাড়ি ফেরে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে সে। এরপরই পাটুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে শনিবার দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম আকাশ হালদার ও প্রদীপ মণ্ডল। তাদের বিরুদ্ধে গণধর্ষণ, যৌন নিগ্রহ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ দফায় দফায় জেরা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত