নজরবন্দি ব্যুরোঃ গত ২২ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাত মাস পার্থর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র ও প্রভাবশালী তকমা ব্যবহার করে এসেছে তদন্তকারী সংস্থা। দীর্ঘ সময় ধরে তদন্তের অগ্রগতি না হওয়ায় এবার প্রশ্নের মুখে পড়তে হল সিবিআইকেই। আর কত সময় লাগবে? এমনটাই প্রশ্ন করতে দেখা গেল বিচারককে। পাশাপাশি এদিন টিম পার্থর জামিনের আবেদন খারিজ করল আদালত।
আরও পড়ুনঃ Pradyot Manikya Debbarma: বাম-কংগ্রেসের সঙ্গেই জোট করবেন প্রদ্যোৎ! জল্পনা বাড়ালেন নিজেই
বৃহস্পতিবার আলিপুর জেলা আদালতে শুনানি ছিল প্রাজতন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ সাত জনের। দীর্ঘ সময় ধরে সিবিআইয়ের যুক্তি নিয়ে আজ প্রশ্ন তুললেন বিচারক। বিচারকের কথায়, অভিযুক্তদেরও কিছু অধিকার থাকে। অনির্দিষ্টকালের জন্য তো তদন্ত চলতে পারে না। আর কত দিন সময় লাগবে? পার্থের আইনজীবীর মন্তব্য তারিখ পে তারিখ চলেই যাচ্ছে।

এদিন পার্থর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্যদের ভূমিকাও জানতে চান বিচারক। বিচারকের প্রশ্ন, বাকিরা কোথায়? বিচারক বলেন, আমি জানি, এটা একটা বড় কাজ। কিন্তু কারও স্টেটমেন্ট কি নেওয়া হয়েছে? কারও জবানবন্দি রেকর্ড করেছেন? কোনও ব্যাঙ্কের স্টেটমেন্ট নেওয়া হয়েছে? প্রশ্ন করে বিচারক। এরপরেই তদন্তকারী অফিসারকে গোপন জবানবন্দী নেওয়ার যুক্তি দিয়ে বলেন, যেটা হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না।
টিম পার্থর জামিনের আবেদন খারিজ, বাড়ল বিপদ

এদিন সিবিআইয়ের তরফে বলা হয়, হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত চলছে। বেশ কিছু তথ্যের জন্য আরও একটু সময় চেয়ে নেন তাঁরা। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী বলেন, শুরুতে শুধুমাত্র বেআইনি নিয়োগের অভিযোগ ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই ঘটনা পূর্বপরিকল্পিত। তাঁর সংযোজন, তদন্ত করতে নেমে সরকারি কর্তাদের পাশাপাশি ব্যক্তিবিশেষের নামও উঠে এসেছে। প্রত্যেকেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। অপরাধের গুরুত্ব দেখে সবাইকে হেফাজতে নেওয়া দরকার। প্রমাণও আছে।



