বাঙালির পুজো মানেই উৎসব, আড্ডা আর প্রেমের আবহ। অষ্টমীর সকালে ম্যাচিং পোশাকে প্রেমিক-প্রেমিকার অঞ্জলি থেকে প্যান্ডেলে একসঙ্গে ঘোরাঘুরি—পুজোর এই ছবি নতুন নয়। তাই চারদিনের উৎসবে সঙ্গীহীন সিঙ্গলদের মনটা যে একটু খারাপ হবেই, সেটাই স্বাভাবিক। তবে এবার পুজোয় সেই একাকিত্ব কাটানোর নতুন উপায় আসতে চলেছে।
সিঙ্গলদের জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ অ্যাপ—‘পুজো ডেট’। এই অ্যাপের মাধ্যমে বয়স ও পছন্দ অনুযায়ী পুজোর দিনগুলিতে নিজের জন্য একজন ‘পুজো পার্টনার’ খুঁজে নেওয়ার সুযোগ মিলবে। অর্থাৎ বন্ধুদের সঙ্গী হয়ে ঘোরার পরিকল্পনা থাকলেও একা হয়ে যাওয়ার ভয় আর থাকবে না।
ব্যাপারটা কীভাবে কাজ করবে? জানা যাচ্ছে, অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমে মেয়েরা নিজেদের নাম নথিভুক্ত করবেন। দিতে হবে ছবি, বয়স এবং পুজোর কোন দিন তাঁরা সময় দিতে পারবেন, সেই তথ্য। পাশাপাশি জানাতে হবে দিনের কোন সময়ে এবং কতক্ষণের জন্য পুজোর সঙ্গী চাইছেন।
এরপর সেই নির্দিষ্ট সময়ের স্লটের নোটিফিকেশন পৌঁছে যাবে ছেলেদের কাছে। তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী স্লট বেছে নিতে পারবেন। পছন্দ মিলে গেলে খুলে যাবে সরাসরি চ্যাটিংয়ের সুযোগ। সেখানেই কথা বলে পরস্পরকে কিছুটা জানার পর ঠিক করে নেওয়া যাবে দেখা করার পরিকল্পনা।
সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত দিন ও সময়ে সেজেগুজে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে গেলেই হল। পুজোর চারদিন আর বন্ধ ঘরে একা বসে থাকার প্রয়োজন নেই। নতুন পরিচয়, আড্ডা, ঠাকুর দেখা—সব মিলিয়ে সিঙ্গলদের পুজোও হয়ে উঠতে পারে বেশ জমজমাট।
আর সেই পুজোর সঙ্গীর সঙ্গে যদি মনের মিলও হয়ে যায়, তাহলে গল্পটা আরও অন্যরকম হতে পারে। পুজোর কয়েক ঘণ্টার পরিচয় ভবিষ্যতে আরও গভীর সম্পর্কে গড়ায় কি না, সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এখনই অ্যাপটি ডাউনলোড করা যাবে না। ‘পুজো ডেট’ এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অ্যাপটি Google Play Store-এ পাওয়া যাবে বলে জানা গিয়েছে। ফলে পুজোর আগে সিঙ্গলদের জন্য নতুন এই ডেটিং প্ল্যাটফর্ম কতটা জনপ্রিয় হয়, এখন সেটাই দেখার।


