ধর্মেন্দ্রর ইস্তফা ছাড়া আলোচনা নয়! কেন্দ্রের প্রস্তাব ফেরালেন বিরোধীরা, ফের সংসদে হট্টগোল

কেন্দ্র আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া রাজি নন বিরোধীরা। বৃহস্পতিবারও সংসদের দুই কক্ষে হট্টগোল ও মুলতুবি। মকর দ্বারের সামনে সম্মুখসমরে শাসক-বিরোধী শিবির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার (Central Government) ইতিবাচক মনোভাব দেখালেও বিরোধীরা (Opposition) নিজেদের আগের অবস্থানেই অনড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) ইস্তফা না দিলে কোনও আলোচনা হবে না— এই শর্তেই অটল থেকে বৃহস্পতিবারও সংসদের (Parliament) উভয় কক্ষে হট্টগোল ও মুলতুবির ঘটনা ঘটল। এমনকি সংসদের বাইরে মকর দ্বারের (Makar Dwar) সামনেও সম্মুখসমরে চলে এলেন শাসক ও বিরোধী শিবিরের সাংসদরা।

বুধবার রাতেই কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, বিরোধীরা চাইলে নিট (NEET), প্রশ্নফাঁস-সহ যাবতীয় ইস্যুতে সংসদে আলোচনা হতে পারে। কতক্ষণ আলোচনা হবে, কবে হবে— সবটাই ঠিক করবে বিরোধী শিবির। কিন্তু বিরোধীদের সাফ জবাব, “শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে আলোচনা শুরু হতে পারে না।” ফলে সরকারের এই প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে দেন তাঁরা।

সেই একই দাবিতে বৃহস্পতিবার সকালেও সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখায় বিরোধী শিবির। ধর্মেন্দ্রর ইস্তফা ও পড়ুয়াদের উপর নির্যাতনে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে স্লোগান দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)-সহ অন্যান্য নেতারা। তবে এদিন পালটা বিক্ষোভ দেখায় শাসক শিবিরও (NDA)। রাহুল গান্ধীর (Rahul Gandhi) প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং পড়ুয়াদের নিয়ে ‘রাজনীতি’ করার অভিযোগে পালটা স্লোগান শুরু করেন বিজেপি সাংসদরা। ফলে মকর দ্বারের সামনে কার্যত সম্মুখসমরে চলে আসে দুই শিবির।

অধিবেশন শুরু হওয়ার পরও চেনা ছবি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে স্লোগান শুরু করে বিরোধীরা। ওয়েলে (Well of the House) নেমে পড়েন বহু বিরোধী সাংসদ। স্পিকার ওম বিড়লা (Om Birla) আশ্বাস দেন, এই ইস্যুতে সরকারও আলোচনা চায়। কিন্তু তাতে কাজ হয়নি। স্লোগান চলতে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন