আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য থেকে দেশ। প্রতিবাদে রাস্তায় নেমেছে চিকিৎসক, আইন জীবী থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও। এদিকে তদন্ত ভার হাই কোর্টের নির্দেশে হস্তান্তরিত হয়েছে সিবিআইয়ের হাতে। তারপর থেকে একের পর এক ব্যক্তিকে ডেকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু সিবিআইয়ের হাতে মামলা হস্তান্তরিত হওয়ার ১০ দিন পার হয়ে গেলেও এখনও গ্রেফতার করতে পারেনি কাউকে। আর তাই কাউকেই ভরসা করতে পারছেন না নির্যাতিতার বাবা-মা। এবার বিচারের দাবিতে পথে নামতে চলেছে ওই নির্যাতিতার পরিবার।
তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে বিচার চেয়ে পথে নামতে আর কারও বাকি নেই। কিন্তু তাও এখনও বিচার পেলনা নির্যাতিতার পরিবার। বার বার আশ্বস্ত করেছে সিবিআই কিন্তু তারপরেও অধরা প্রকৃত দোষীরা। কয়েক দিন আগেই রাজ্যপাল ওই নির্যাতিতার পরিবারে যান। কথা বলেন তাঁর বাবা-মায়ের সঙ্গে। তিনিও আশ্বাস দিয়েছেন বিচার পাইয়ে দেওয়ার। এর আগেও মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছিলেন বিচার পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু সব কিছুই যেন ডুমুরের ফুল। ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও বিচারের কোন আশা দেখছেন না ওই নির্যাতিতার পরিবার। তাই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সুবিচারের দাবিতে পথে নামতে পারেন নির্যাতিতার বাবা-মা।


শুক্রবার সাংবাদিক সম্মেলনে ওই নির্যাতিতার পরিবার জানান,ছাত্রদের এই আন্দোলনের পাশে তারা রয়েছেন। দরকার হলে তাঁরাও বিচার চেয়ে পথে নামতে প্রস্তুত। নিরপেক্ষভাবে তাঁদের ডাকলেই তারা আন্দোলনে যোগ দিতে প্রস্তুত। এরপর তরুণীর মা দাবি করেন, মেয়ে চলে গিয়েছে। মেডিক্যাল পড়ুয়াদের এখন ছেলেমেয়েরাই তাঁর ছেলেমেয়ে।








