নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে। দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে। নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে আইএসএফ। এবার বিতর্কিত মন্তব্য কর ফেললেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রী চাইলেই নাকি প্রার্থী প্রত্যাহার করে নেবে আইএসএফ!
আরও পড়ুন: মতুয়াধামের অশান্তির জল গড়াল আদালতে, Abhishek Banerjee-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা শান্তনুর


সোমবার বিধানসভার বাইরে দেখা যায় নওশাদ সিদ্দিকিকে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভাঙড়ের মানুষের নিরাপত্তার থেকে বেশি আর কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যেখানে আমার নিরাপত্ত নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে? তাই মুখ্যমন্ত্রী যদি চান, ভাঙড়ের মানুষের সঙ্গে আলোচনা করে প্রার্থীপদ প্রত্যাহার করার বিষয় ভাবনাচিন্তা করব।” ভাঙড়ের বিধায়কের কথায়, ভাঙড়ের মানুষের নিরাপত্তাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নওশাদের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল ফেলেছে।

নওশাদ সিদ্দিকি আরও জানান, “আমি রাজনীতির মাধ্যমে সমাজ বদল করতে এখানে এসেছি। মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শান্তি ফেরাতে যদি মুখ্যমন্ত্রী আমাকে বলেন, তাহলে প্রার্থীপদ প্রত্যাহারের বিষয় ভাবনাচিন্তা করব।” যদিও আইএসএফ বিধায়কের এহেন মন্তব্যের পাল্টা দিয়েছে শাসক দল। তৃণমূল সাংসদ শান্তনু সেন কটাক্ষ করে বলেন, “হার নিশ্চিত বুঝে এখন প্রার্থীপদ প্রত্যাহারের নাটক করছেন।”



উল্লেখ্য, খুন হওয়ার আশঙ্কা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন নওশাদ সিদ্দিকি। এরপরই কেন্দ্রের তরফে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।
মুখ্যমন্ত্রী চাইলে প্রার্থী প্রত্যাহার করবে ISF, ভাঙড়ের বিধায়কের মন্তব্যে শোরগোল








