প্যান ও আধার লিঙ্ক করার সময়সীমা আজই শেষ। আয়কর দপ্তর স্পষ্ট জানিয়েছে, ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে দৈনন্দিন আর্থিক লেনদেন থেকে শুরু করে কর সংক্রান্ত নানা পরিষেবায়।
লিঙ্ক না করলে কী সমস্যায় পড়বেন
প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি আয়কর রিটার্ন (ITR) জমা দিতে পারবেন না। আটকে যেতে পারে বকেয়া ট্যাক্স রিফান্ড। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ড পাওয়া বা বড় অঙ্কের আর্থিক লেনদেনেও বাধা আসতে পারে। নিয়ম অনুযায়ী, ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেনও সম্ভব হবে না।


জরিমানা কত দিতে হবে
বেশিরভাগ ক্ষেত্রেই প্যান–আধার লিঙ্ক করতে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে একটি ব্যতিক্রম রয়েছে। যাঁরা ১ অক্টোবর ২০২৪-এর পর আধার এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান পেয়েছেন, তাঁরা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত বিনা ফিতে লিঙ্ক করতে পারবেন।
কীভাবে করবেন প্যান–আধার লিঙ্ক
প্রক্রিয়াটি তুলনামূলক ভাবে সহজ। আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে লগইন করে ‘My Profile’ সেকশনে যান। সেখানে ‘Link Aadhaar’ অপশনটি বেছে নিয়ে প্যান ও আধার নম্বর দিন। ওটিপি (OTP) যাচাইয়ের পর নির্ধারিত ফি জমা দিলেই কাজ শেষ।
আজ করতে না পারলে কী হবে
আজ সময়সীমা পেরোলেও ভবিষ্যতে প্যান–আধার লিঙ্ক করা যাবে। তবে সে ক্ষেত্রে নিষ্ক্রিয় প্যান ফের সক্রিয় হতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে। ফলে নতুন বছরের শুরুতেই আর্থিক ঝামেলা এড়াতে আজই লিঙ্ক করে নেওয়াই বুদ্ধিমানের।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



