টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু সেই হুঁশিয়ারিতে আদৌ কতটা জোর ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, সূত্রের খবর—ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য পাকিস্তান দলের কলম্বো যাত্রার বিমানের টিকিট কেটে ফেলা হয়েছে। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পথে হাঁটছে না পাকিস্তান।
বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারির মাঝেই কলম্বোর বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান! নকভির হুমকি কি শুধুই কূটনৈতিক চাপ, নাকি বাস্তবে বিশ্বকাপেই নামছে পাক দল—তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
এই মুহূর্তে পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। ‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছবে। বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সফর বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড-এর চেয়ারম্যান মহসিন নকভি প্রকাশ্যে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছিলেন, প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে। তবে সেই সিদ্ধান্ত একতরফা নয়—চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।
এই আবহেই নকভির সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর। বৈঠকের পর নকভি জানান, শুক্রবার বা সোমবারের মধ্যেই সরকার সিদ্ধান্ত জানাবে। কিন্তু সেই ঘোষণার আগেই কলম্বোর বিমানের টিকিট কাটার খবর সামনে আসায় নকভির অবস্থান নিয়েই প্রশ্ন উঠেছে।
সূত্রের খবর, বিশ্বকাপ বয়কটের প্রশ্নে নিজের দেশেই খুব বেশি সমর্থন পাচ্ছেন না নকভি। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, সামরিক বাহিনীর শীর্ষ মহল এবং পিসিবির প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজা—সকলেই নাকি বিশ্বকাপে খেলার পক্ষেই মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচও বয়কট না করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।
সব মিলিয়ে, বিশ্বকাপ বয়কটের হুমকি আদৌ কতটা বাস্তব ছিল, নাকি তা শুধুই চাপ তৈরির কৌশল—এই প্রশ্নই এখন পাক ক্রিকেটে সবচেয়ে বড় আলোচনার বিষয়।



