নজরবন্দি ব্যুরোঃ শুধু মমতা নন, ২১ এর বিধানসভা নির্বাচনে খুশি না হয়ে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন আরও ৪ তৃণমূলের প্রার্থী। ওই চার কেন্দ্র হলো বলরামপুর, গোঘাট, ময়না এবং বনগাঁ দক্ষিণ। এই চার বিধানসভা কেন্দ্রের শাসক দলের প্রাথীরা হাইকোর্টে গিয়েছেন ফলাফল পুনরায় গণনার দাবী নিয়ে।
আরও পড়ুনঃ সাদা-কালো-হলুদের পর আতঙ্কের রঙ সবুজ! দেশে উদ্বেগ বাড়াচ্ছে গ্রিন ফাঙ্গাস


মমতা-শুভেন্দু লড়াই এই নির্বাচনের কেন্দ্রবিন্দুতে থেকেছে। মোট কথা এই টপিককে মাঝখানে রেখেই আবর্তিত হয়েছে গোটা ভোট-উৎসব। ভোটের পরেও অব্যাহত তা। মমতা জয়ী ঘোষণার পরেও নন্দীগ্রাম পুনর্গণনায় এগিয়ে যান শুভেন্দু। ২রা মে সকালবেলা গননা শুরুর পর থেকেই সাপলুডোর খেলা চলে সবথেকে হাইভোল্টেজ আসন নন্দীগ্রামে। একবার শুভেন্দু এগিয়ে যাচ্ছেন তো একবার তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার দিন বিকেল ৫ টা নাগাত ১৭ রাউন্ড গণনার পর সংবাদমাধ্যমে প্রকাশিত হয় হাইভোল্টেজ লড়াইয়ে অবশেষে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপির শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন ১২০০ ভোটে।
তারপর ঘণ্টা কাটতে না কাটতেই ফের মহানাটকীয় পরিবর্তন। শুভেন্দুর ফের গণনার দাবি মেনে গণনা করা হলে দেখা যায় ১৯২২ ভোটে এগিয়ে শুভেন্দু। কিছুক্ষণ পরই শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। গোটা বিষয়টি নিয়ে কারচুপির অভিযোগ তোলে তৃণমূল। আর এবার তা নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজই বিচারপতি কৌশিক চন্দের এজলাসে হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি। তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার হবে নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানি ৷ নির্বাচন সংক্রান্ত মামলায় আদালতে মামলাকারীর হাজিরা বাধ্যতামূলক ৷ হাজির না হলে আদালতে যথাযথ কারণ দেখাতে হয় ৷ নন্দীগ্রাম মামলায় মামলাকারী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এদিন হাজির ছিলেন না ৷ এ কারণে মামলাকারীকে সময় দিল হাইকোর্ট ৷


শুধু মমতা নন, ভোটের রেজাল্টকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৪ TMC প্রার্থী! আজ নন্দীগ্রাম ছাড়াও বলরামপুর বিধানসভা কেন্দ্রের ভোটের রেজাল্ট সংক্রান্ত মামলার শুনানি ছিল আদালতে, শাসক দলের প্রার্থী শান্তিরাম মাহাত ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে এই মামলা করেছেন। এছাড়া আরও তিন কেন্দ্রের প্রার্থীরা মামলা করেছেন হাইকোর্টে। এখন দেখার মামলার রায় কোনদিকে যায়। অপেক্ষা এখন পরবর্তী শুনানির।







