নজরবন্দি ব্যুরোঃ রাজ্য পুলিশের কর্মীরা ঢুকতে পারবেন না, বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে শুধুই কেন্দ্রীয় বাহিনী! কমিশন সূত্রে খবর মিলেছে এই রকমই। সূত্রের দাবি, কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে ভোট লুঠ এবং বুথ দখলের আশঙ্কার কথা জানিয়ে। তাই নির্বাচন কে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। আগামি ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু ভোট গ্রহণ। মোট ৮ দফায় ২৯৪ টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ৮টি দফার মধ্যে প্রথম দফায় ভোট গ্রহন হতে চলেছে আগামী ২৭ তারিখে। ৪টি জেলার ৩০ টি আসনে হবে ভোট গ্রহণ।
প্রথম দফার বিধানসভা গুলি হল- পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর। এই নির্বাচনকে কার্যত নিখুঁত এবং সন্ত্রাস মুক্ত করার প্রচেষ্টায় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা নির্বাচনের দিন ঘোষণার আগেই দফায় দফায় ঘুরে গেছেন বাংলা থেকে। নির্দেশ দিয়ে গেছেন সর্বস্তরের প্রশাসনিক কর্তাদের।
নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচনে এতটা কড়াকড়ি সম্ভবত আগে দেখেনি রাজ্য। এই নির্বাচনে সেক্টর অনুযায়ী বুথ অনুযায়ী বাহিনী প্রস্তুত করছে নির্বাচন কমিশন। প্রথম দফাতে পূর্ব মেদিনীপুরের জন্যে ৭ টি আসন রয়েছে, সেই আসনগুলিতে যা কড়াকড়ি নিরাপত্তার ব্যাবস্থা করা হচ্ছে তা নজিরবিহীন। কমিশন সূত্রে খবর শুধু স্পর্শ্বকাতর বুথ নয়, সব বুথেই নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। সূত্রের খবর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুরকে। ২ দফায় ভোট মেটা পর্যন্ত এই জেলায় থাকবে ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
বিধানসভা পিছু প্রায় ৩২ কোম্পানী আধাসেনা মোতায়েন করা হচ্ছে। শুভেন্দু বনাম মমতার যুযুধান লড়াই ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের মাটিতে সংঘর্ষ এড়াতেই এই পদক্ষেপ। শনিবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানেই নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
শনিবার রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট ১৭৭টি মনোনয়নপত্র জমা পড়েছে ৩০ টি বিধানসভার জন্যে। এদিকে এই মুহূর্তে রাজ্যে আছে ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা আরও বাড়ানো হতে পারে বলে খবর।



