নজরবন্দি ব্যুরোঃ সম্পূর্ণ লকডাউন না, তবে করোনা রুখতে মানুষকে লকডাউনের মত জীবনধারণের দাওয়াই মুখ্যমন্ত্রীর। ভোটে জিতেই জানিয়েছিলেন বিজয় মিছিল নয় আপাতত করোনা রোখাই তাঁর প্রাথমিক ও প্রধান লক্ষ্য। আর আজ নবনির্মিত মন্ত্রীসভার শপথ গ্রহণের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের করোনা নিয়ে নতুন নির্দেশিকা দিলেন নবান্ন থেকে। করোনার ভয়াবহ সংক্রমণ আটকাতে উত্তর থেকে দক্ষিন দেশের বেশিরভাগ রাজ্য সম্পূর্ণ লকাডাউনের পথে হেঁটেছে।
আরও পড়ুনঃ ফের কামারহাটি জয় করেও মন্ত্রীপদ পেলেন না মদন মিত্র, কিছুটা হতাশ অনুগামীরা।
তবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে না সেকথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মমতা। তবে সাধারণ মানুষকে করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে লকডাউনের মত আচরণ করতে হবে সেকথাও জানান তিনি। নবান্ন থেকে আজ মুখ্যমন্ত্রী বলেন “আমরা পুরোপুরি লকডাউন চাই না। লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো সাধারণ মানুষকে আচরণ করতে হবে। কারণ লকডাউন ঘোষিত হলে সাধারণ মানুষের অসুবিধা হবে। দরিদ্র মানুষ না খেতে পেয়ে মারা যাবেন, সেটা আমরা চাই না।” অর্থাৎ সম্পূর্ণ লকডাউন না করা হলেও থাকবে একাধিক সরকারি নির্দেশিকা। কিভাবে মানুষ লকডাউনের মত আচরন করবে সেই উপায়ও বাতলে দিয়েছেন মমতা। প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধের নির্দেশ দিয়েছে। জুট শিল্পে ৩০ শতাংশ শ্রমিক কাজ করছেন।
এইসব উদাহরণ টেনে তিনি বাকি ক্ষেত্রগুলিতেও এইভাবে লোক কমিয়ে বা পরিবর্তন করে করে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে রাজ্যে আসন্ন উৎসবের মরসুম। ঈদ দিয়ে শুরু হতে চলেছে সেই উৎসব। এদিকে ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে এবারও রেড রোডে নামাজ না পরার জন্য মসজিদগুলিকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। সাংবাদিক বৈঠকের পর নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতিতে নিয়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানেও তিনি কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন সমস্ত মসজিদ কমিটিকে অনুরোধ করা হবে যাতে ছোট করে ইদের প্রার্থনা হয়।
সম্পূর্ণ লকডাউন না, তবে করোনা রুখতে মানুষকে লকডাউনের মত জীবনধারণের দাওয়াই মুখ্যমন্ত্রীর। এই প্রসঙ্গে তিনি বলেন “আনন্দ করতে গিয়ে অসুখ যেন না হয়। কারণ অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। যতটা সম্ভব জোগাড় করা হচ্ছে।” তবে করোনা সংক্রমণ আটকানো না গেলে আগামী দিনে সম্পূর্ণ লকডাউনের পথেও হাঁটতে পারে রাজ্য সরকার তেমনই মনে করছে বিশেষজ্ঞমহল।



