নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডে ক’দিন পরই ‘প্রাক্তন’ হয়ে যাবেন। আগামী মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা। নতুন কমিটি গঠিত হবে। বোর্ডের সভাপতি হচ্ছেন ৮৩’র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনি। জয় শাহ অবশ্য সচিবই থাকছেন। মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা। কোনও বিরোধী না থাকায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হতে চলেছে মঙ্গলবার।
আরও পড়ুনঃ বোর্ড-বিদায়ের পর প্ৰথমবার মুখ খুললেন সৌরভ, নিলেন মোদীর নাম
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে বোর্ড থেকে সরানো নিয়ে চারিদিকে ক্ষোভের প্রকাশ। মেয়াদ থাকা সত্ত্বেও সরে যেতে হচ্ছে তাঁকে। এই ঘটনা নিয়ে এবার সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমালে বলেন, “ভারতের স্বাধীনতার পর কোনও বোর্ড সভাপতির মেয়াদই তিন বছরের বেশি ছিল না। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে কয়েকজন সদস্য দাদার বিরোধী ছিলেন।
কিন্তু এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ ওঁর বিরুদ্ধে কথা বলেনি। করোনা কালে গত তিন বছরে সৌরভ সভাপতি হিসেবে যেভাবে বোর্ডের কাজ সামলেছেন, তাতে সকলেই সন্তুষ্ট এবং ভীষণ খুশি।” এরপরই যোগ করেন, “অধিনায়ক হিসাবে দাদা ভারতের অন্যতম সেরা ছিলেন। প্রশাসক হিসাবেও গোটা দলকে সঙ্গে নিয়েই কাজ করেছেন। আমরা সবাই একসঙ্গে কাজ করেছি।”
তিনি আরও বলেন, ‘রজার বিনির সঙ্গে নতুনরা মনোনয়ন জমা দেওয়ার সময় দাদাও সঙ্গে ছিলেন। সবকিছুই আলোচনা করেই হয়েছে। দাদাও এই আলোচনার বড় অংশ ছিলেন। তিনিও মত দিয়েছেন। তাঁকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন না ৬৭ বছরের রজার বিনির (উর্ধসীমা ৭০ বছর) এর পর আর বোর্ডের পদে আসার সুযোগ হত না।
সৌরভের বিরুদ্ধে কেউ একটা কথা বলেনি, বিতর্কের মাঝেই মন্তব্য বোর্ড কর্তার
রজার বিনি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। দাদা আইপিএল চেয়ারম্যানের পদে সম্মতি জানালে, আমিই জায়গা পেতাম না। তাতেও আমার আক্ষেপ ছিল না। পরের বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তাই বোর্ডে রজার বিনি দারুণ সংযোজন।’



