নজরবন্দি ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে একত্রিত হয়ে জোট গঠন করে বিরোধীরা। পরবর্তীকালে তার নাম রাখা হয় ইন্ডিয়া। কিন্তু সময়ের সাথে সাথে জোটের একতা ফিকে হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। বারেবারে তার প্রমাণ মিলেছে। এবার কংগ্রেসকে নিশানায় আনলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ নীতীশ কুমার। তাঁর অভিযোগ, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের কোনও হেলদোল নেই।


বৃহস্পতিবার পাটনায় সিপিআইয়ের এক র্যালিতে যোগদান করেন জনতা দল ইউনাইটেডের প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, “জোটের আমরা সকলে অন্যতম বড় সদস্য হিসাবে কংগ্রেসকে প্রধান ভূমিকা দিতে সম্মত হয়েছিলাম। কিন্তু দেখা যায়, এই জোটের বিশেষ কোনও অগ্রগতি হয়নি। লোকসভা নির্বাচন নিয়ে কংগ্রেসের কোনও মাথাব্যথা নেই। ওই দলের নেতারা পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত। রাজ্যগুলির বিধানসভা ভোটের পরই তারা জোটের পরবর্তী বৈঠক ডাকবে।” সিপিআইয়ের জনসভায় এই বক্তব্য রেখেছেন নীতীশ কুমার। এই সভায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বক্তব্য রাখার কথা।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে কংগ্রেস শিবিরে। সম্প্রতি আসন বণ্টন নিয়ে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে মতপার্থক্যের ছবি সামনে এসেছিল। এনসিপি প্রধান শরদ পাওয়ারও একপ্রকার স্বীকার করেছিলেন ইন্ডিয়া জোটের তৎপরতা কমে গিয়েছে। শিবসেনাও মহারাষ্ট্রের ক্ষমতা ও দলীয় কোন্দল নিয়ে ব্যস্ত। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাম্প্রতিক কালে জোট নিয়ে কথা বলতে শোনা যায়নি। সব মিলিয়ে জোটের আগামী কী হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।



উল্লেখ্য, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে অবিজেপি দলগুলি হাত মিলিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছে। যদিও বিজেপি একাধিকবার এই জোট নিয়ে কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ আক্রমণ শানিয়েছেন ইন্ডিয়া জোটকে। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), সমাজবাদী পার্টি, এনসিপি, আম আদমি পার্টি, সিপিএম সহ বিভিন্ন দলে এই জোটের সদস্য।
লোকসভার আগেই ‘কোণঠাসা’ ইন্ডিয়া জোট! মোদী বিরোধী বৈঠকে নীতীশের নিশানায় Congress








