নজরবন্দি ব্যুরো: রাজ্যে শাসক-বিরোধী দলের মধ্যে যে সংঘাত রয়েছে সেকথা বলাই বাহুল্য। কিন্তু এই সংঘাতকে এক অন্য রূপ দিয়েছেন উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক। বিভিন্ন ইস্যুতে একে অপরকে আক্রমণ করে চলেছেন তাঁরা। এরইমধ্যে এই সংঘাত এক নতুন মাত্রা পেল। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নাম না করে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।
বৃহস্পতিবার রাতে দিনহাটার বুড়িরহাটে এক দলীয় সভায় উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ওই সভা থেকে বিজেপি সাংসদ বলেন, “আপনাদের এখানকার দিনহাটার গব্বর, ফুটো মস্তান… উনি মাঝে মাঝে আমার বাড়ির ওদিকে যান। সমস্ত ব্লক থেকে তাঁর চুনোপুটি নেতাদের নিয়ে গিয়ে ওখানে উনি এক একটা উস্কানিমূলক মন্তব্য করে আসেন।” নাম না করেই রাজ্যের মন্ত্রীকে বেনজির আক্রমণ করেন তিনি।

বিজেপি সাংসদের মন্তব্যের পাল্টা নিশীথ প্রামাণিক যেখানে যেখানে যাবেন, তাঁকে কালো পতাকা দেখানো হবে। উদয়ন গুহ বলেন, “ওনার যা রুচি, উনি সেই মতোই কথা বলছেন।” পাশাপাশি নিশীথের বিরুদ্ধে পুরনো মামলার কথা স্মরণ করিয়ে দিয়ে দিনহাটার বিধায়ক। তিনি আরও বলেন, “‘জনগণ সব বুঝে গিয়েছেন, আগামী নির্বাচন জনগণ তাঁকে ঘরে বসিয়ে দেবে।” সব মিলিয়ে বিজেপি সাংসদের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের মন্ত্রী।

পঞ্চায়েত ভোটের সময় থেকেই নিশীথ-উদয়ন সংঘাতের বাতাবরণ চরমে উঠেছিল। উদয়ন গুহ পঞ্চায়েত ভোটের আগে দলীয় উদ্দেশে বলেছিলেন, নিশীথ প্রামাণিক যেখানে যেখানে যাবেন, তাঁকে কালো পতাকা দেখানো হবে। এর পাল্টা হুঁশিয়ারি দিয়ে নিশীথ বলেছিলেন, ‘ক্ষমতা থাকলে দেখিও, জবাব কীভাবে দিতে হয়, সেটাও দেখিয়ে দেব।’
উদয়ন-নিশীথ সংঘাত চরমে, নাম না করেই রাজ্যের মন্ত্রীকে ‘ফুটো মস্তান’ খোঁচা বিজেপি সাংসদের




