কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশের মুখ ভার। হালকা বৃষ্টি চলছে পাল্লা দিয়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের (IMD Kolkata) পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (South-West Monsoon) সক্রিয় প্রভাবে এই পরিস্থিতি চলবে আগামী সাত দিন পর্যন্ত। বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর ১টার পর কলকাতায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এক নজরে আজকের আবহাওয়া:
-
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই বৃষ্টি
-
দুপুর ১টার পর কলকাতায় তুমুল বৃষ্টির সম্ভাবনা
-
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া
-
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
-
উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা
-
তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক নদীর জলস্তর বাড়তে পারে
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আগামী সাত দিন আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে একাধিক দফায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে। আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে মাঝেমধ্যে বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ভারী বর্ষণের ফলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা:
দু’দিন শান্ত থাকার পর ফের রুদ্ররূপ নিচ্ছে উত্তরবঙ্গের প্রকৃতি। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri), আলিপুরদুয়ার (Alipurduar) এবং কোচবিহারে (Cooch Behar) আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস (Landslide), রাস্তা ধস এবং পাথর গড়িয়ে পড়ার ঝুঁকি থাকছে। তিস্তা, তোর্সা ও জলঢাকা-সহ একাধিক নদী ফুঁসছে। আগামী সাতদিনে জলস্তর আরও বাড়তে পারে। পাহাড়ে ভ্রমণকারী এবং স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। কৃষকদের জমিতে অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে, আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে বর্ষার সক্রিয় পর্ব অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পাহাড় ও ডুয়ার্স এলাকায় ভারী বৃষ্টির দাপট আরও বেশি হতে পারে।



