‘ট্যুইটে ভরসা, রাস্তায় লাঠি!’ মোদীর ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা, দাবি মানতেই হবে

প্রধানমন্ত্রীর ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণাকে 'ঢাকনা' বলে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বললেন, "ট্যুইটে ভরসার কথা বলে লাভ নেই, রাস্তায় লাঠি চলে কেন? পড়ুয়াদের ডেকে কথা বলুন।"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক কোর্ট (Fast-Track Court) গঠনের ঘোষণা দেওয়ার পরেই সেই ‘সমাধান’ সরাসরি নাকচ করে দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। তাঁর সাফ কথা, “আপনি নেতা, এখন নেতৃত্ব দেখানোর সময় এসেছে। পড়ুয়াদের দাবি শুনুন। ওরা মন্ত্রীর ইস্তফা চাইছে, যারা ওদের মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইছে। আপনারা যখন ব্যবস্থার বাইরে গিয়ে সমাধান দেবেন, ছাত্ররা তা মানবে না।” প্রিয়াঙ্কার এই তোপের পরই ফের উত্তপ্ত রাজনৈতিক পরিসর।

প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, “আপনি ট্যুইট করে বলছেন, পড়ুয়াদের ওপর ভরসা আছে। অথচ কাল রাতে তাদেরই লাঠি দিয়ে পেটানো হয়েছে। ভরসা থাকলে কেন লাঠিচার্জ করা হচ্ছে? পড়ুয়াদের নিয়ে সত্যিই চিন্তা থাকলে ওদের ডেকে কথা বলুন।” প্রিয়াঙ্কার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে (X Handle) প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, “আমাদের তরুণদের ভাল রাখা এবং তাঁদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোনও কিছুই এর চেয়ে বড় নয়।” কিন্তু তাতেও সন্তুষ্ট নন বিরোধীরা। পড়ুয়াদের দাবি— ফাস্ট ট্র্যাক কোর্ট নয়, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাই। আর সেই সুরেই এ দিন সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রিয়াঙ্কা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন