নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৪৬৯! নিখোঁজ বহু ভারতীয়, রাস্তা-সেতু ধ্বংসে থমকে উদ্ধারকাজ

নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ প্রায় দেড় হাজার। তাঁদের মধ্যে প্রায় ২৯০ ভারতীয় নাগরিক, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন উদ্ধার অভিযান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভয়াবহ হড়পা বানে কার্যত বিধ্বস্ত নেপাল (Nepal)। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ পৌঁছেছে। এখনও নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ। তাঁদের মধ্যে প্রায় ২৮৮-২৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। একের পর এক রাস্তা, সেতু ও জনপদ জলের তোড়ে ভেসে যাওয়ায় নিখোঁজদের উদ্ধারে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রশাসন।

এই ভয়াবহ বিপর্যয়ের সূত্রপাত চিনের তিব্বত (Tibet) এলাকায়। সেখান থেকে প্রবল বন্যার জল নেপালের রসুয়া জেলায় ঢুকে পড়ে। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশী নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীর জলস্তর বাড়তে শুরু করে। এরপরই চিন সীমান্তবর্তী এলাকায় নেমে আসে ভয়াবহ হড়পা বান।

জল আর কাদার প্রবল স্রোতে রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও আবার কাদামাটির মোটা স্তরের নিচে চাপা পড়েছে বসতি। ফলে দুর্গম এলাকাগুলিতে উদ্ধারকারী দল পৌঁছতে গিয়ে সমস্যায় পড়ছে।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নেপাল পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জন বিদেশি-সহ মোট ৭৯৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনও ভারতীয় নাগরিক রয়েছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজের সংখ্যা অন্তত দেড় হাজার বলে জানা গিয়েছে। নিখোঁজদের তালিকায় নিরাপত্তাবাহিনীর সদস্যরাও রয়েছেন। নেপাল সেনার ৪৪ জন, পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশের ১৩ জনের এখনও খোঁজ নেই। পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রায় ১৬০ জনেরও সন্ধান পাওয়া যাচ্ছে না।

বিপর্যয়ের ভয়াবহতায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় নাগরিকদের নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, এখনও প্রায় ২৮৮ জন ভারতীয় নিখোঁজ। বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেপালে যাওয়া ভারতীয়দের একটা বড় অংশ মানস সরোবর যাত্রা বা পর্যটনের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

নিখোঁজ ভারতীয়দের সন্ধান এবং আটকে থাকা নাগরিকদের উদ্ধারে নয়াদিল্লির তরফে তৎপরতা বাড়ানো হয়েছে। বিদেশ মন্ত্রক ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। পাশাপাশি নেপালে আটকে থাকা বা নিখোঁজ ভারতীয়দের পরিবারের যোগাযোগের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

ভারতীয়দের জন্য হেল্পলাইন:

  • +9779851316807
  • +9779709107500
  • +9779810326117

এদিকে বিপর্যয়ের পর নেপালের বিভিন্ন এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে। কিন্তু ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা, রাস্তার উপর জমে থাকা কাদা ও ধ্বংসস্তূপ এবং একাধিক এলাকায় প্রবল জলস্রোতের কারণে উদ্ধারকারীদের কাজ বারবার বাধার মুখে পড়ছে। ফলে নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নিয়ে সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।

নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪৬৯-এ পৌঁছেছে। নিখোঁজ দেড় হাজারের কাছাকাছি মানুষ এবং তাঁদের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয় থাকায় পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট হবে না বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর