কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি গড়ল এনডিএ সরকার। নিরাপত্তা, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়ক-সহ আটটি ক্যাবিনেট কমিটিতে কারা থাকবেন তা চূড়ান্ত হল বুধবার। আর সেই কমিটিতে আগের চেয়ে অনেকটাই গুরুত্ব বাড়ল এনডিএ শরিকদের। কমিটির সদস্য তালিকায় বিজেপির পাশাপাশি এনডিএ-এর অন্য শরিক দলগুলির মন্ত্রীদের উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে পদ্মের বিজয় রথ থেমেছে ২৪০-এ। ফলে শরিকদের সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সর্বক্ষেত্রেই সেই কারণে গুরুত্ব দিতে হচ্ছে এনডিএ শরিকদের। বুধবার যে কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটি গঠন করলেন নরেন্দ্র মোদি, সেখানে এই বিষয়টা আরও স্পষ্ট হল বল মনে করছে রাজনৈতিক মহল।

কেন্দ্রে শরিক-নির্ভর ক্যাবিনেট কমিটি গড়লেন মোদি, ক্রমেই একচ্ছত্র আধিপত্য হারাচ্ছে বিজেপি?
জানা গিয়েছে, নিরাপত্তা বিষয়ক কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রয়েছেন। অন্যদিকে অর্থনৈতিক বিষয়ক কমিটিতে এই পাঁচ জনের পাশাপাশি রয়েছেন ভারী শিল্প ও ইস্পাতমন্ত্রী এইচডি কুমারস্বামী, পঞ্চায়েতি রাজ এবং মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং (লালন সিং) এবং আরও অনেকে।

রাজনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটিতে বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি ঠাঁই পেয়েছেন টিডিপির কে রামমোহন নায়ডু, হামের জিতন রাম মাঝি। তবে আটটি ক্যাবিনেট কমিটিতেই বেশিরভাগ সদস্য বিজেপির। সব কমিটিতেই রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও অধিকাংশ কমিটিতে রয়েছেন রাজনাথ সিং, নীতীন গড়করি। তবে, কেন্দ্র সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এই ক্যাবিনেট কমিটির ঐক্যমতে আসা খুবই প্রয়োজন। আগেও এই কমিটিতে এনডিএ শরিকরা ছিলেন, তবে এবার সংখ্যটা বাড়ল।



