এনডিএ জোটে ফের ভাঙন, কৃষকদের পাশে দাঁড়িয়ে এনডিএ ছাড়ল আরএলপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এনডিএ জোটে ফের ভাঙন। রাজধানীতে প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়াতে এনডিএর দীর্ঘদিনের সঙ্গী আরএলপি জোট ছাড়ল। উল্লেখ্য, এর আগে ঠিক একই কারণে জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল শিরোমণি অকালি দল। শনিবার আলওয়ারের শাহজাহানপুরে দলীয় জনসভায় আরএলপি প্রধান হনুমান বেনিওয়াল ঘোষণা করেন, ‘বাই বাই। আমরা এনডিএ ছাড়লাম। দেশের কৃষকদের মর্যাদার চেয়ে কোনও কিছুই বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না।’

আরও পড়ুনঃ ‘ভেবেই লজ্জা লাগছে যে ২১ বছর ধরে তৃণমূল করেছি’, এবার সরাসরি TMC-কে আক্রমণ শুভেন্দুর।

বেনিওয়াল আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারকে আগুন নিয়ে না খেলার অনুরোধ জানাচ্ছি। যে সরকার এর বিরুদ্ধে গিয়েছে, তারাই সিংহাসনচ্যুত হয়েছে। কেন্দ্রের এই আইনের জেরে কৃষি বাজার অবলুপ্ত হবে। সরকার কেন কৃষকদের সঙ্গে আলোচনা করেনি? এই আইনের কারণে জমি মাফিয়াদের রমরমা বাড়বে। আমি বুঝতে পারছি না, কী কারণে সরকার আইন প্রত্যাহার করছে না?’

বেনিওয়াল বলেন, তিনি চাষির ছেলে। তাই বরাবরই কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতিবাদ বলপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করছে বলে তাঁর অভিযোগ। তাঁর মতে, কৃষকদের এই লড়াই অস্তিত্বের লড়াই। সেই কারণেই তিনি কৃষকদের বিক্ষোভ সমর্থন করছেন বলে জানান আরএলপি নেতা। এদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি মুখপাত্র মুকেশ পারেখ বলেন, আরএলপি আসলে নির্দল এবং এক ব্যক্তি কেন্দ্রিক। শুধুমাত্র বেনিওয়ালের স্বার্থেই বিজেপি নাগাউরের লোকসভা কেন্দ্রে প্রার্থী না দিয়ে তাঁকে জেতার সুযোগ করে দিয়েছিল বলেও দাবি করেন পারেখ। তাঁর অভিযোগ, প্রথমে কৃষি আইন সমর্থন করে এখন রাজনৈতিক ফায়দা লুটতেই তার বিরোধিতা করছেন আরএলপি প্রধান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত