মুম্বই: নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীর রাজপথে পড়ুয়াদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ঘটনায় এ বার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “এই মুহূর্তে আমার মন দুঃখে বিদীর্ণ। আমি রাগে ফুঁসছি।” পুলিশি হামলার তুলনা টেনে তাঁর মন্তব্য, “মুখে মাস্ক পরে, হাতে ডান্ডা নিয়ে ওরা যেভাবে বাচ্চাদের মারছে, তাতে আমেরিকার আইস এজেন্টদের (ICE Agents) কথা মনে পড়ছে।” আন্দোলনকারীদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা লড়তে থাকুন। আমরা আপনাদের সঙ্গে আছি।”
জুলাই মাসের গোড়া থেকেই নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের দাবিতে অনশন করছেন পড়ুয়ারা। সোমবার ‘ককরোচ জনতা পার্টি’র (Cockroach Janata Party) ‘সংসদ অভিযান’ ঘিরে রাজধানী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীদের রুখতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছোড়ে এবং জলকামানও চালায়। এই ঘটনার পর থেকেই দেশের বিশিষ্ট মহলের একাংশ সরব হতে শুরু করেন।
এর আগে শাবানা আজমি (Shabana Azmi), জিনাত আমান (Zeenat Aman), অপর্ণা সেন (Aparna Sen), অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)-সহ বলিউডের একাংশ পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন নাসিরুদ্দিন শাহ। তিনি আরও লেখেন, “ভুলে যাবেন না, এর পরিণাম আপনাদেরও ভুগতে হবে। দেশের যুব সম্প্রদায়ের কাছে আমরা বরাবরই আশাবাদী। এখন সেই আশা আরও বেড়েছে।” পড়ুয়াদের আন্দোলনে বলিউডের এই সমর্থন বিতর্ককে আরও উসকে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



