10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 4:09 পূর্বাহ্ন
17 C
Kolkata

‘কথা বলব না বলেছি, তাও কেন জেরা?’ বিমানবন্দরে ক্ষুব্ধ নাসিরুদ্দিন

বিমানবন্দরে সাংবাদিকের লাগাতার প্রশ্নে ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ। ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের সমর্থন, ঘটনায় প্রকাশ রাজও অভিনেতার পাশে দাঁড়ালেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুম্বই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ বিতর্কের রেশ কাটার আগেই বিমানবন্দরে নতুন ঘটনায় ফের আলোচনার কেন্দ্রে নাসিরুদ্দিন শাহ। সফর সেরে ক্লান্ত অবস্থায় নামতেই এক সাংবাদিকের ধারাবাহিক প্রশ্নে মেজাজ হারালেন বর্ষীয়ান অভিনেতা। ‘আমি কথা বলতে চাই না’—বারবার অনুরোধ সত্ত্বেও প্রশ্ন থামেনি, আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে অভিনেতার পক্ষেই ঝুঁকেছে জনমত।

ভিডিওতে দেখা যায়, প্রথমে শান্তভাবেই সাংবাদিককে থামতে অনুরোধ করেন নাসিরুদ্দিন। তিনি বলেন, “আমি এই বিষয়ে কথা বলতে চাই না, দয়া করে আমায় হেনস্থা করবেন না।” কিন্তু সাংবাদিক বারবার মাইক বাড়িয়ে একই প্রশ্ন করতে থাকলে বিরক্তি চেপে রাখতে পারেননি তিনি। তখনই অভিনেতা ধমক দিয়ে বলেন, “আপনারা কী ধরণের মানুষ? দেখতে পাচ্ছেন না আমি সফর সেরে ফিরছি? তাও কেন একই জিনিস নিয়ে জ্বালাতন করছেন?”

এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ সরব হন। অনেকেই মনে করছেন, অভিনেতার প্রতিক্রিয়া স্বাভাবিক। এক নেটিজেন লেখেন, “নাসিরুদ্দিন শাহকে ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও, এভাবে মাইক ঠেকিয়ে প্রশ্ন করা চরম নির্লজ্জতা।” অন্য এক মন্তব্যে বলা হয়, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গিয়ে প্রশ্ন করুন, একজন বৃদ্ধ অভিনেতাকে বিমানবন্দরে বিরক্ত করছেন কেন?” আরেকজন সরাসরি লেখেন, “এটা সাংবাদিকতা নয়, স্পষ্ট হ্যারাসমেন্ট।”

এই ঘটনায় অভিনেতা প্রকাশ রাজও সরব হয়েছেন। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে তিনি ঘটনার তীব্র সমালোচনা করে নাসিরুদ্দিনের পাশে দাঁড়ান। অনেকের মতে, কোনও বিষয়ে অভিনেতা যদি মুখ খুলতে না চান, তবে তাঁকে জোর করা উচিত নয়—তিনি চাইলে নিজেই লিখে বা বিবৃতি দিয়ে নিজের অবস্থান জানাতে পারেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মুম্বই বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নাসিরুদ্দিনের। কিন্তু ৩১ জানুয়ারি গভীর রাতে তাঁকে জানানো হয়, তাঁর উপস্থিতির প্রয়োজন নেই। পরে একটি কলামে অভিনেতা দাবি করেন, কোনও কারণ বা ক্ষমা প্রার্থনা ছাড়াই তাঁকে বাতিল করা হয়। শুধু তা-ই নয়, অনুষ্ঠানে নাকি ঘোষণা করা হয় যে তিনিই নাকি আসতে অস্বীকার করেছেন—যা তাঁকে আরও অপমানিত করেছে।

তিনবারের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা জানান, ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতার জন্য তিনি অনুষ্ঠানটির অপেক্ষায় ছিলেন। কিন্তু কর্তৃপক্ষের আচরণে তিনি বিস্মিত ও আহত হন।

এদিকে, বিতর্কের মাঝেই মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘অসি’ (Assi)। অনুভব সিনহা পরিচালিত এই ছবিতে তাপসী পন্নু, রেবতী, মনোজ পাহওয়া ও মহম্মদ জিশান আয়ুবের মতো একাধিক অভিনেতাকে দেখা যাবে। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২০ ফেব্রুয়ারি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading