প্লেব্যাক দুনিয়াকে বিদায় জানানোর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিং। তাই আমির খানের আচমকা জিয়াগঞ্জ সফর ঘিরে শুরু হয়েছিল জোর জল্পনা—তাহলে কি ‘মহাভারত’ ছবির জন্য ফের মাইক্রোফোন হাতে তুলেছেন গায়ক? সেই সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল আসল তথ্য। অবসর ঘোষণার পরও অরিজিতের কণ্ঠ শোনা যাবে আমির খান প্রযোজিত একটি ছবিতে।
গত সপ্তাহেই অরিজিতের সঙ্গে দেখা করতে মুম্বই থেকে মুর্শিদাবাদে যান আমির খান। টানা তিন দিন বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে ছিলেন তিনি। কখনও গায়কের বাড়ির ছাদে সময় কাটানো, কখনও স্টুডিওতে দীর্ঘক্ষণ আড্ডা—এই সব ছবি সামনে আসতেই জল্পনা চড়তে শুরু করে।
কারণ, তার কয়েক দিন আগেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অরিজিৎ। তাই প্রশ্ন উঠেছিল, তাহলে কেন এত ব্যস্ততার মধ্যেও মুর্শিদাবাদে ছুটে গেলেন আমির? প্রথমে শোনা গিয়েছিল, শাহরুখ খানের ‘কিং’-এর পাশাপাশি আমিরের ‘মহাভারত’ ছবিতেও অরিজিতের কণ্ঠ শোনা যেতে পারে।
অবশেষে সোমবার আমির খান প্রোডাকশনস নিজেই জানাল আসল খবর। জানা গিয়েছে, আমির প্রযোজিত ‘এক দিন’ ছবির জন্য গান গেয়েছেন অরিজিৎ সিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন আমিরের ছেলে জুনেইদ খান এবং সাই পল্লবী। একটি রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবিতেই শোনা যাবে গায়কের কণ্ঠ।
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিতকে ধন্যবাদ জানিয়েছে আমির খান প্রোডাকশনস। সেখানে দেখা গিয়েছে, প্রযোজক আমিরের পাশে বসে মন দিয়ে কাজ বুঝে নিচ্ছেন অরিজিৎ। পোস্টে উল্লেখ করা হয়েছে, জিয়াগঞ্জে চার দিন কাটিয়ে গায়কের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন আমির।
আমিরের বক্তব্য, “‘এক দিন’ ছবিতে প্লেব্যাক করার জন্য ধন্যবাদ অরিজিৎ। তোমার পরিবার এবং তোমার সঙ্গে কাটানো চার দিন ভীষণই ম্যাজিক্যাল।”
উল্লেখ্য, প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার সময়ই অরিজিৎ জানিয়েছিলেন, আগাম প্রতিশ্রুতির কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো তিনি চলতি বছরেই সম্পন্ন করবেন। ‘এক দিন’ সেই তালিকারই অন্যতম ছবি।



