নজরবন্দি ব্যুরোঃ আজ ফের নারদা মামলার শুনানি, হাইকোর্টে ৪ হেভিওয়েটের ভবিষ্যৎ নির্ধারণ। সুপার সাইক্লোন ইয়াসের আশঙ্কায় গতকাল বন্ধ রাখা হয়েছিল কলকাতা হাইকোর্ট। যার জেরে ঝুলে রয়েছিল রাজ্যে বর্তমানে বহু আলোচিত নারদা মামলার রায়। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিন ২৪ পরগনা এই দুই জেলায় মারাত্মক প্রভাব ফেললেও কলকাতায় তেমন দাপট দেখায়নি ইয়াস। এমন অবস্থায় আজ ফের খুলে দেওয়া হয়েছে আদালত। তাই আজই ফের হতে চলেছে নারদা মামলার শুনানি। সেখানেই রাজ্যের চার হেভিওয়েট নেতা মন্ত্রীর ভাগ্যনির্ধারণ হতে চলেছে।
আরও পড়ুনঃ বন্ধ শুটিং! নতুন সিরিয়ালগুলির ভবিষ্যৎ নিয়ে উত্তর অজানা প্রযোজক-পরিচালকদের
আজ এই মামলায় রায় দেওয়ার সম্ভাবনাও রয়েছে ৫ বিচারপতিকে নিয়ে গঠিত বৃহত্তর ডিভিশন বেঞ্চের। প্রসঙ্গত গত সপ্তাহে নারদ মামলায় চার নেতাকে গ্রেফতারের পরেই মামলা একের পর এক নাটকীয় মোড় নেয়। প্রথমে নিম্ন আদালত তাদের জামিন দিলেও কিছু পরেই হাইকোর্ট সেই জামিনে স্থগিতাদেশ দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেন চার হেভিওয়েটকে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তাঁদের জায়গা হয় SSKM-এর বিলাসবহুল উডবার্ন ওয়ার্ডে। যদিও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থাকেন প্রেসিডেন্সী জেলে। মামলার পরবর্তী শুনানিতে জামিন নিয়ে দুই বিচারপতির মতানৈক্য দেখা যায়। পরবর্তী শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করে চারজনকে গৃহবন্দী থাকার নির্দেশ দেন বিচারপতিরা। এরই মধ্যে এই মামলায় শুনানির জন্য শীর্ষ আদালতে আবেদন করে সিবিআই।
যদিও প্রশ্নবানে জর্জরিত হয়ে নিজেরাই তুলে নেন সেই মামলা। এদিকে পাঁচ বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার পূর্বনির্দেশ বহাল রেখে মামলার পরবর্তী শুনানির কথা বলেন। যা হতে চলেছে আজ।
আজ ফের নারদা মামলার শুনানি, হাইকোর্টে ৪ হেভিওয়েটের ভবিষ্যৎ নির্ধারণ। আইনজীবী মহলের ধারণা, এইদিনই ওই বেঞ্চ কোনও রায় শোনাতে পারে। গত সোমবার এই বৃহত্তর বেঞ্চেই নারদ মামলার শুনানি শুরু হয়েছিল। বুধবার ওই মামলার পুনরায় শুনানি হওয়ার কথা ছিল। ইয়াসের কারণে যা হবে আজ। তাই সবার নজর আজ থাকবে শুনানির ওপর। দুপুর ১১ টা থেকে এই শুনানি শুরু হওয়ার কথা।



