রাজ্য পুলিশে ফের গুরুত্বপূর্ণ রদবদল। নন্দীগ্রাম থানার আইসি বদল থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটেও ইনস্পেক্টর স্তরে পরিবর্তন আনা হল। বুধবার রাজ্য পুলিশের তরফে জারি হওয়া নির্দেশিকাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ শুভব্রত নাথকে সরিয়ে সিআইডিতে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নন্দীগ্রামের নতুন আইসি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন অজয়কুমার মিশ্র। তিনি এতদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন।


বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের পক্ষ থেকে এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের নতুন দায়িত্বে যোগ দিতে হবে।
রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)-র সই করা নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং সিআইডি কর্তৃপক্ষের কাছে।
বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে বড়সড় রদবদল হয়েছিল। জেলার পর জেলা বদলে দেওয়া হয়েছিল একাধিক আধিকারিককে। নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপি সরকার গঠন করেছে এবং মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন সরকারের অধীনে পুলিশ প্রশাসনেও ধাপে ধাপে পুনর্বিন্যাস চলছে।


তবে নন্দীগ্রাম এবং ব্যারাকপুরে এই নতুন বদলির পেছনে নির্দিষ্ট কোনও কারণ সরকারি ভাবে জানানো হয়নি। নির্দেশিকাতেও বদলির কারণ উল্লেখ করা হয়নি।
নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্ব আলাদা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শুভেন্দু অধিকারী। দু’টি কেন্দ্রেই জয়ী হওয়ার পর তিনি ভবানীপুর কেন্দ্র ধরে রাখেন। যদিও নন্দীগ্রামের মানুষের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ফলে এই মুহূর্তে নন্দীগ্রাম থানার আইসি বদলকে ঘিরে প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক অন্দরেও চর্চা শুরু হয়েছে। আগামী দিনে আরও কোনও রদবদল হয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



