নজরে সুপ্রিম শুনানি, আরজি কর মামলায় কোন পক্ষের হয়ে লড়ছেন কোন আইনজীবী?

দুপুর ২টোর সময় মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় রয়েছে মোট ৪২টি পক্ষ। নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দু’শোর বেশি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ ফের একবার আরজি কর মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে। এই মামলাটিকে স্বতঃপ্রণোদিত ভাবে নিয়েছে শীর্ষ আদালত। প্রতিবারই তালিকার প্রথম স্থানে ছিল মামলাটি। সকাল সাড়ে ১০টার সময় আদালত বসলে প্রথমেই এই মামলাটির ডাক হত। সোমবার প্রথমবারের জন্য যার ব্যতিক্রম হতে চলেছে। দুপুর ২টোর সময় মামলাটির শুনানির সময় বিশেষভাবে নির্দিষ্ট করা হয়েছে। এই মামলায় রয়েছে মোট ৪২টি পক্ষ। নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দু’শোর বেশি!

আরজি কর মামলায় রাজ্যের হয়ে সওয়াল করবেন আইনজীবী কপিল সিব্বল ও মেনকা গুরুস্বামী। সিবিআই-এর পক্ষে লড়বেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নির্যাতিতার পরিবারের হয়ে থাকবেন আইনজীবী বৃন্দা গ্রোভার ও শামিম আহমেদ। আগে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হয়ে লড়বেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে লড়বেন আইনজীবী করুণা নন্দী ও সব্যসাচী চট্টোপাধ্যায়।

অন্যদিকে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মনিন্দর সিংহ। দিল্লি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের হয়ে রয়েছেন আইনজীবী বিজয় হংসরিয়া। কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলাকারী শুভেন্দু অধিকারীর আইনজীবী হিসাবে থাকছেন সিদ্ধার্থ লুথরা ও বাঁশরী স্বরাজ। অপর জনস্বার্থ মামলাকারী বিজয়কুমার সিঙ্ঘলের হয়ে সওয়াল করবেন আইনজীবী ফিরোজ এডুলজি।

গত ১৭ সেপ্টেম্বর শেষবার আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেদিন সিবিআই-এর তরফে মুখবন্ধ খামে তদন্তের যে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হয় তা দেখে বিস্ময় প্রকাশ করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, এই মুহূর্তে তদন্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। উল্লেখ্য, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত