বাঙালিদের মধ্যে পায়েস খাবারটিকে অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এখনতো আবার শীতের সময়। সুযোগ পেলেই গুড়ের পায়েস খেতে চায় অনেকে। তবে এবার একটু অন্যকিছু ট্রাই করুন। মুড়ি দিয়ে পায়েস (Murir Payesh Recipe) বানিয়ে চমকে দিন সকলকে। কীভাবে বানাবেন, জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: গোপনাঙ্গের কালো দাগের সমস্যা গোপনেই রয়ে গিয়েছে, রইল সমাধান


মুড়ির মত সহজপাচ্য খাবার দুটো হয় না। যারা পেটের সমস্যায় ভোগেন তারা রোজ মুড়ি খেলেও অসুবিধা হয় না। মুড়ির মধ্যে ক্যালোরি থাকে তাই গ্যাস অম্বলের সমস্যা হয় না। সহজ খাবার হিসেবে অনেকেই দুধ মুড়ি খান। তবে এবার তাই দিয়েই বানিয়ে ফেলুন মুড়ির পায়েস। সামান্য কিছু উপকরণ লাগবে। যেমন- দুধ, মুড়ি, ঘি, কাজু, কিশমিশ, নারকেল।

কীভাবে বানাবেন?
প্রথমেই এক লিটার দুধ (Milk) জাল দিতে বসান। এরমধ্যে অল্প পরিমাণ জল দিন। দুধ ভাল ঘন হয়ে গেলে এক বাটি মুড়ি ঢেলে দিন। তবে তার আগে করতে হবে একটি গুরুত্বপূর্ণ কাজ। মুড়ি ছাঁকনিতে ছেঁকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য মুড়ি আলাদা করে জল ঝরাতে রেখে দিতে হবে। মুড়ি শুকনো হলে এক চামচ ঘি (Ghee) মিশিয়ে দুধে ঢালতে হবে।



অন্য একটি ফ্রাইং প্যান গরম করে তাতে কাজু কিশমিশ হালকা ভেজে নিতে হবে। মুড়ি দুধের মধ্যে কিছুক্ষণ ফুটে গেলে এরমধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ ও দুটো এলাচ ভেঙে দিয়ে দিতে হবে। স্বাদ মত চিনি দিয়ে দিন।

কিছুক্ষণ আরও ফোটার পর এরমধ্যে ছোট একবাটি নারকেল (Coconut) কোড়া মিশিয়ে দিতে হবে। এবার ২-৩ মিনিট আরও ফুটিয়ে গ্যাস বন্ধ করে পায়েসের পাত্র ঢেকে দিন। পরিবেশনের আগে ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন। এভাবে মুড়ির পায়েস বানালে কেউ ধরতেই পারবে না।







