সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ! সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন পদ্মা মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিলেন।
আরও পড়ুন: আইন ভাঙলে কাউকে রেয়াত করা হবে না, সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মন্তব্য DGP রাজীবের


একুশের বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালিতে খুন হন প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল। এই তিন জনই বিজেপি কর্মী। সেই সময় পুলিশের চার্জশিটে নাম ছিল শাহজাহান শেখের। তবে, পরবর্তী ক্ষেত্রে সিআইডি চার্জশিট থেকে তৃণমূল নেতার নাম সরিয়ে দেয়। ফের নতুন করে এই মামলায় তদন্তের দাবি জানালেন মৃতের পরিবার।

এই বিষয়টি নিয়ে আগেই সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, পরিকল্পনা করে তিন বিজেপি কর্মীকে খুন করিয়েছিলেন শাহজাহান শেখ। প্রথম থেকেই তাঁর নাম ছিল পুলিশের চার্জশিটে। শুভেন্দু আরও বলেন, একুশের ফলাফলের আগেই শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেয় সিআইডি।



শাহজাহান শেখের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ, হাই কোর্টে দায়ের মামলা, CBI-NIA তদন্তের দাবি
প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল। শিরোনামে উঠে এসেছে শাহজাহান শেখের নাম। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। এরপর থেকেই বেপাত্তা শাহজাহান। খবর, তিনি বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন। আবার শুভেন্দু বলেছেন, তিনি সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফে শাহজাহানকে মৎস্য কর্মধ্যক্ষের পদ থেকে সরিয়ে দিয়েছে। খোঁজ চলছে শাহজাহানের। এর মধ্যেই হাই কোর্টে দায়ের হল খুনের মামলা।








