মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা এলাকায় সাতসকালে আচমকা গুলির শব্দে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আবাসনের মধ্যে একের পর এক গুলি ছোড়ার অভিযোগ ওঠে অভিনেতা ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান (KRK)-এর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ১৮ জানুয়ারি একটি আবাসনে চার রাউন্ড গুলি চালানোর ঘটনায় শুক্রবার জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। যদিও ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত হননি, তবুও মধ্যবিত্ত আবাসনে এমন ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কী ঘটেছিল ১৮ জানুয়ারি?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ জানুয়ারি (রবিবার) আন্ধেরির ওশিওয়ারা এলাকার একটি আবাসন থেকে আচমকা গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে জানা যায়, নিজের বাসগৃহ থেকেই গুলি চালাচ্ছিলেন কমল আর খান।


পুলিশি জিজ্ঞাসাবাদের সময় কমল আর খান দাবি করেছেন, তিনি বন্দুক পরিষ্কার করছিলেন এবং কার্যকারিতা পরীক্ষা করতেই গুলি চালিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, কাউকে আঘাত করা বা ক্ষতি করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না।
বাগানে দাঁড়িয়ে ফায়ারিংয়ের দাবি, গুলি গিয়ে লাগে অন্য ফ্ল্যাটে
কমল আর খান আরও জানান, তিনি বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে বন্দুক চালিয়েছিলেন এবং ভেবেছিলেন গুলি গাছেই কোথাও গিয়ে লাগবে। কিন্তু বাতাসের কারণে গুলির দিক সামান্য সরে যায় এবং তা গিয়ে লাগে আবাসনের একটি অংশে। এরপরেই শুরু হয় আতঙ্ক ও উত্তেজনা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে ব্যবহৃত বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত হলেও, আবাসিক এলাকায় এভাবে গুলি চালানো গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।


গুলির আঘাত যেখানে, সেখানে কারা থাকেন?
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে আবাসনের অংশে গুলি গিয়ে লাগে—
-
দ্বিতীয় তলায় থাকেন নীরজ কুমার মিশ্র (পেশায় লেখক ও পরিচালক)
-
চতুর্থ তলায় থাকেন প্রতীক বৈধ (পেশায় মডেল)
ঘটনায় কেউ আহত না হলেও, বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন স্থানীয়রা।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পরই কমল আর খানের বাড়ির আশপাশের সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। আবাসনের বাসিন্দাদের বড় অংশই মধ্যবিত্ত পরিবারের মানুষ হওয়ায়, এই ধরনের আকস্মিক ঘটনায় অনেকেই আতঙ্কিত ও থতমত খেয়েছেন বলে খবর।
পুলিশি তদন্তে এখন মূলত দেখা হচ্ছে—
-
ঠিক কতক্ষণ ধরে ফায়ারিং চলেছিল
-
গুলি কোন দিক থেকে ছোড়া হয়েছিল
-
আবাসনের নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভির তথ্য
-
লাইসেন্স থাকা সত্ত্বেও নিয়ম ভেঙে গুলি চালানো হয়েছিল কি না







