নজরবন্দি ব্যুরোঃ মমতার ছবিতে কাদা ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত কামারহাটি। ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে। কোথাও বোমাবাজি বা গুলি চালানো ঘটনা। কোথাও প্রানহানী।
আরও পড়ুনঃ নন্দীগ্রাম থেকে শুভেন্দুকে বিঁধে পুরনো সেনাপতি মুকুলের প্রশংসা মুখ্যমন্ত্রীর মুখে।
আবার কোথাও দলীয় পতাকা বা পোস্টার লাগানো নিয়ে ঝামেলা। পাশাপাশি প্রচার করা নিয়ে রাজনৈতিক সংঘর্ষ লেগেই আছে। এবার মমতার পোস্টারে কাদা ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত কামারহাটি। মঙ্গলবার রাতে কামারহাটি এলাকায় তৃণমূল দলনেত্রীর পোস্টারে কাদা ছোঁড়ার অভিযোগ উঠলো গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিভিন্ন জায়গায় দলের হোর্ডিং ও ব্যানার ছেঁড়া হয়েছে।
তৃণমূলের এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, গতকাল রাতে ৯ নম্বর ওয়ার্ডের দিল্লি পাড়ায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা লাগায় বিজেপির কর্মী-সমর্থকরা। ওই এলাকার পোস্টার, ব্যানার ও হোর্ডিংও ছিঁড়ে দেওয়া হয়েছে বলেই তারা জানিয়েছেন। তৃণমূলের দাবি ভোটের আগে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি।
মমতার ছবিতে কাদা ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত কামারহাটি। এই প্রসঙ্গে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির জয় নিশ্চিত। আমরা জানি আমাদের দল জিতবেই। তাই আমাদের অশান্তি ছড়ানোর কোনও কারণ নেই। ওরা নিজেরাই এসব করছে, আর বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে।”



