নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ১ লক্ষের বেশি শূন্যপদ, এদিকে পাশ করেও নিয়োগ না পেয়ে ধর্নায় বসেছেন হবু শিক্ষকরা! নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি, স্বজন পোষণ, র্যাঙ্ক জ্যাম করে নিয়োগ, পাশ না করেও নিয়োগ পাওয়া, লিস্টে নাম না থাকা ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রভৃতি একাধিক দুর্নীতির কারণে ২০১৯ সালের মার্চ মাসে কলকাতার প্রেসক্লাবের সামনে ২৯ দিন ব্যাপী অনশনে বসে হবু শিক্ষক পদ প্রার্থীরা। সেই অনশন স্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ সম্পর্কিত অভয়দান দিয়েছিলেন চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুনঃ বাড়িতে বসে বসে বেতন নেন, অসহায়দের পাশে দাঁড়ান রাজ্যের না শিক্ষকরা!
চাকরিপ্রার্থীদের দাবি, “মুখ্যমন্ত্রী সেই সময় সর্বসমক্ষে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদের কাউকে আমরা বঞ্চিত করবো না। সবাইকেই নিয়োগ দেব লোকসভা ভোটের পর। কিন্তু কার্যক্ষেত্রে ২০১৯ সাল থেকে আজ ২০২১ সালের শেষ লগ্নে এসেও আমরা নিয়োগ পাইনি। তাই দ্বিতীয়বারের জন্য মহামান্য আদালতের অনুমতি নিয়ে ২০২১ সালের ৩০ শে জানুয়ারি থেকে টানা ১৮৭ দিন অনশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাই সল্টলেকের সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের পাশে।”
শিক্ষক পদপ্রার্থীদের দাবি, ২০২১ সালের ১০ ই আগস্ট বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সমস্ত সাংবাদিকদের সামনে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের আবারো প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি সেই সময় স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান শুভঙ্কর সরকার বিকাশ ভবনে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন যে তিনি অতি দ্রুত নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষকদের নিয়োগ দেবেন। কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীর কিন্তু নিয়োগ পায়নি।
রাজ্যে ১ লক্ষের বেশি শূন্যপদ, এদিকে পাশ করেও নিয়োগ না পেয়ে ধর্নায় হবু শিক্ষকরা!

এদিকে ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী, ভারতের বিভিন্ন স্কুলে ১১ লাখ শিক্ষকের পদ খালি, যার মধ্যে ৬৯ শতাংশ গ্রামাঞ্চলে। সব থেকে বড় কথা এই ১১ লক্ষ শূন্য শিক্ষক পদের মধ্যে ১ লক্ষ ১০ হাজার পদ শূন্য রয়েছে এই বাংলাতেই! শিক্ষকদের শূন্য পদের তালিকা অনুযায়ী দেশের তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে উত্তরপ্রদেশ ৩ লক্ষ ৩০ হাজার। দ্বিতীয় স্থানে বিহার (২ লক্ষ ২০ হাজার ) এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে মোট ১ লক্ষ ১০ হাজার শূন্যপদ রয়েছে শিক্ষকদের।



