দেশের জার্সিতে শেষ মহম্মদ সামির ক্রিকেট কেরিয়ার? কী বললেন BCCI কর্তা

অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ না পেয়ে প্রশ্ন উঠেছে, আর কি দেখা যাবে মহম্মদ সামিকে ভারতের জার্সিতে? বোর্ডের কর্তা জানালেন বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অস্ট্রেলিয়া সফরের জন্য সম্প্রতি ভারতীয় দল ঘোষণার পরই এক নতুন আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজ্ঞ পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। গত এক বছরে জাতীয় দলের বাইরে থাকা এই তারকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এখন তুঙ্গে—দেশের জার্সিতে কি শেষ হয়ে গেল সামির আন্তর্জাতিক কেরিয়ার?

২০২৩ সালের শেষদিকে শেষ টেস্ট খেলেছিলেন সামি, আর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে নামেন ২০২৫ সালের শুরুর দিকে। তারপর থেকেই জাতীয় দলে ডাক মেলেনি তাঁর। বিশেষজ্ঞদের মতে, ভারতের হাতে এখন প্রচুর তরুণ বিকল্প পেসার থাকায় নির্বাচকদের নজর আর তাঁর দিকে পড়ছে না। ODI দলে যেমন বুমরাহও বিশ্রামে, তবু সামির নাম না থাকায় আরও জোরদার হয়েছে জল্পনা।

বোর্ডের এক কর্তা এই প্রসঙ্গে জানান, “এই মুহূর্তে মহম্মদ সামির জন্য ভারতীয় দলে ফেরা ক্রমেই কঠিন হচ্ছে। দলীপ ট্রফিতে একটা ভালো স্পেল ছাড়া বল হাতে বিশেষ ছাপ ফেলতে পারেননি। বয়স বাড়ছে, আর গতিও আগের মতো নেই। তাই নির্বাচকরা নতুনদের সুযোগ দিচ্ছেন।”

তবে কর্তা আরও বলেন, “সামি এখনও ঘরোয়া ক্রিকেটে খেলছেন। IPL-এ অংশ নিতে গেলে ঘরোয়া ম্যাচ খেলার নিয়ম রয়েছে। সেই কারণেই ও রঞ্জি ট্রফি বা দলীপ ট্রফির মতো টুর্নামেন্টে খেলছে।”

গত মরশুমের IPL-এও ভালো ফর্মে ছিলেন না সামি। SRH-এর হয়ে ৯ ইনিংসে মাত্র ৬ উইকেট পান তিনি। দলীপ ট্রফিতেও সেই ধারাবাহিকতা দেখা যায়নি। ফলে জাতীয় দলে কামব্যাকের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে বলে ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

তবে সামি এখনও হাল ছাড়েননি। জানা গিয়েছে, বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে আগ্রহী তিনি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানান, “৬-৭ দিন আগে সামির সঙ্গে কথা হয়েছে। ও খেলার ইচ্ছে প্রকাশ করেছে। আমরা আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই ওকে পাবো।” যদিও CAB সূত্রে খবর, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ক্রিকেট মহলে অনেকে মনে করছেন, সামির মতো অভিজ্ঞ বোলারের পক্ষে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো সহজ নয়। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা এখনও তরুণদের কাছে অনুপ্রেরণা। তবে বাস্তবতা হল—ভারতের বর্তমান পেস আক্রমণ এতটাই শক্তিশালী যে, সেখানে ফিরতে গেলে সামিকে আবারও নিজের শ্রেষ্ঠ ছন্দে ফিরতে হবে।

মহম্মদ সামির ভারতীয় কেরিয়ার এক সময় ছিল দেশের পেস আক্রমণের মূল ভরসা। কিন্তু এখন বয়স ও চোটের ধাক্কায় সেই ধার কিছুটা ম্লান। তাই অনেকেই মনে করছেন, এই অভিজ্ঞ পেসারের আন্তর্জাতিক অধ্যায় হয়তো শেষের পথে।

তবুও তাঁর ভক্তরা আশায় বুক বাঁধছেন—হয়তো আবারও একদিন জাতীয় দলে ফিরে নিজের সেরা দিনে দেখা দেবেন মহম্মদ সামি, দেশের জার্সিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত