মঙ্গলবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১ জুন সপ্তম দফায় শেষ হবে লোকসভা নির্বাচন। তার আগে জোরকদমে প্রচারে মোদি। প্রথমে আশোকনগর ও পরে বারুইপুরে সভা করলেন তিনি। যদিও রাজ্যে আসার আগেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন মোদি।
আরও পড়ুন: দিদি দিচ্ছেন আর মোদি নিয়ে যাচ্ছেন, ‘সিদ্ধান্ত নিন’ জনতার দরবারে আর্জি অভিষেকের
মোদি সাফ বলেছেন, “এবারের লোকসভায় বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি। ৪ তারিখ আমার কথা মিলিয়ে নেবেন। আগের বিধানসভায় প্রায় ৮০-তে পৌঁছেছি আমরা। এবার লোকসভায় তাৎপর্যপূর্ণ রেজাল্ট হবে বাংলাতেই। সেই কারণেই তৃণমূল নেতাদের ঘুম ছুটে গিয়েছে।”

মঙ্গলবার বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও পরে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে যথাক্রমে অশোকনগর ও বারুইপুরে সভা করলেন প্রধানমন্ত্রী। অশোকনগরের সভা থেকে মোদি বলেন, “সন্দেশখালির আন্দোলনকে ছোট করার চেষ্টা করেছে তৃণমূল। এই মঞ্চে রয়েছেন রেখা পাত্র। তিনি তৃণমূলের অনেক নেতার চেয়ে ভালো বক্তব্য রাখলেন। বিজেপি একমাত্র দল যারা গ্রামের এক গরীব মহিলাকে এই জায়গা দিয়েছে। রেখা পাত্র স্বয়ং মা দুর্গা। তাঁকে দেখেই আগামী দিনে দেশের মহিলারা রাজনীতিতে এগিয়ে আসবেন।”

এবারের লোকসভায় বাংলায় সবচেয়ে ভালো ফল করবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি
সঙ্গে তিনি আরও বলেন, “আমরা সিএএ করবই। মতুয়া ভাইবোনদের নাগরিকত্ব দিতে কেউ আটকাতে পারবে না। এটা মোদির গ্যারান্টি। তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। গোটা রাজ্যকে দু’হাতে লুটে নিয়েছে এই সরকার। গরীবের পক্ষে সবসময় রয়েছে বিজেপি সরকার।”




