‘ভয় হারছে, ভরসা জিতছে’: মথুরাপুরে প্রথম ভোটারদের বার্তা মোদীর

মথুরাপুরে সভা থেকে তৃণমূলকে নিশানা মোদীর; কেন্দ্রীয় প্রকল্পের খতিয়ান তুলে ‘পরিবর্তনের ঝড়’ দাবি, প্রথম ভোটারদের বিশেষ বার্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথম দফার ভোটের মাঝেই মথুরাপুরের সভা থেকে আক্রমণ শানালেন Narendra Modi। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে “পরিবর্তনের ঝড়” বইছে এবং ভোটের হারই তার ইঙ্গিত দিচ্ছে। প্রথমবারের ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা—ভয়ের রাজনীতি ছেড়ে ‘ভরসার পক্ষে’ ভোট দিন।

সভায় মোদী বলেন, দীর্ঘদিনের শাসনের পর রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। তাঁর কথায়, “বাংলা ৩৪ বছর বামেদের শাসন সহ্য করেছে, তারপর ১৫ বছর তৃণমূলকে সুযোগ দিয়েছে। এখন মানুষ নতুন বিকল্প খুঁজছে।” কেন্দ্রের একাধিক প্রকল্পের উল্লেখ করে তিনি দাবি করেন, বিদ্যুৎ, আবাসন, শৌচালয় নির্মাণ, ব্যাঙ্কিং পরিষেবা—বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছে কেন্দ্রীয় সরকার।

তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “এত বছরেও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি, মেগা ফুডপার্কের প্রতিশ্রুতিও অপূর্ণ। মথুরাপুরের মানুষই সবচেয়ে বেশি বঞ্চিত।”

মহিলা ভোটারদের প্রসঙ্গ টেনে মোদীর অভিযোগ, সংসদে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাবের বিরোধিতা করেছে তৃণমূল। তাঁর বক্তব্য, “বাংলার সংস্কৃতিতে নারীকে শক্তির প্রতীক হিসেবে দেখা হয়, অথচ এখানেই মহিলাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।” মহিলা ভোটারদেরই এর জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভায় ভিড় দেখে আপ্লুত হয়ে মোদী বলেন, সকাল থেকেই মানুষের উৎসাহ প্রমাণ করে দিয়েছে, পরিবর্তনের পক্ষে হাওয়া বইছে। “গ্রাম থেকে শহর—সব জায়গা থেকেই একই আওয়াজ, পরিবর্তন দরকার,”—দাবি তাঁর।

শেষে প্রথমবারের ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা দেন প্রধানমন্ত্রী: “ভয়কে দূরে সরিয়ে ভরসার পথে হাঁটুন। যে হারে ভোট পড়ছে, তাতে স্পষ্ট—ভয় হারছে, ভরসা জিতছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর