নজরবন্দি ব্যুরো: রবিবার মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার দিন। আজ এই অনুষ্ঠানের ১০৪ তম পর্বে এসে মোদীর মুখে শোনা গেল নারীশক্তির জয়গান। উপলক্ষ্য কী? চন্দ্রযানের সাফল্য। প্রধানমন্ত্রী গর্বের সাথে বললেন, নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ চন্দ্রযান মিশন। আসলে, চন্দ্রযানের নেপথ্যে মহিলা বিজ্ঞানীদের ভূমিকাও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা স্পষ্ট করে দিলেন মোদী।
আরও পড়ুন: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিন শিশু সহ নিহত ৮
গত ২৩ শে অগস্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। যে জায়গাতে বিক্রম চাঁদের মাটি ছুঁয়েছে তার নাম ‘শিবশক্তিপয়েন্ট’ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই আভাস ছিল, প্রধানমন্ত্রী নারী ও পুরুষ উভয়কেই সমমর্যাদা দিতে চাইছেন। শিব ও শক্তির মেলবন্ধনে তাই এই নাম।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসেও কিন্তু প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নের প্রসঙ্গে বক্তব্য রাখলেন। মোদী বলেন, “নারীর ক্ষমতায়নের প্রকৃষ্ট উদাহরণ চন্দ্রযান ৩ মিশন। এই প্রকল্পে যুক্ত ছিলেন অসংখ্য মহিলা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার। যে দেশের নারীরা এতটা উচ্চাকাঙ্ক্ষী, সেই দেশকে উন্নত হওয়া থেকে ঠেকায় কে।”

চন্দ্রযান-৩-এর নেপথ্যে যে সব মহিলা বৈজ্ঞানিকরা ছিলেন তাঁরা হলেন, ঋতু কারিধাল, নন্দিনী হরিনাথ, মৌমিতা দত্ত, অনুরাধা টিকে, মিনাল রোহিত, মুথায়া ভানিতা এবং ভিআর লালিথাম্বিকা।
মোদীর মুখে নারীশক্তির জয়গান, চাঁদ-সাফল্যের কৃতিত্ব কাদের দিলেন প্রধানমন্ত্রী?
অন্যদিকে, আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে জি২০ সামিট। আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই প্রসঙ্গেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ”ভারত প্রস্তুত। জি২০-এর ইতিহাসে এটাই সবচেয়ে বড় সামিট। আমরা এই সামিটকে বিভিন্ন শহরে অনুষ্ঠিত করেছি। ভারতের প্রাণবন্ত গণতন্ত্রের সদর্থক প্রভাব পড়ছে অতিথিদের উপরে। ভারতের নেতৃত্বেই আরও ব্যাপক ও বিস্তৃত রূপ পেয়েছে জি২০ সামিট।”




