নজরবন্দি ব্যুরো: রাজ্যে ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় কারাখানার নিকটবর্তী বাড়িগুলি। মৃত্যু হয়েছে ৮ জনের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে আরও দেহ উদ্ধার হতে পারে। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা।
আরও পড়ুন: কলকাতায় গ্রেফতার পাক গুপ্তচর, তৃণমূলের বিরুদ্ধে দেশবিরোধী কাজে মদতের অভিযোগ সুকান্তর


স্থানীয় সূত্রে খবর, রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৮ টা নাগাদ দত্তপুকুরের নীলগঞ্জের জগন্নাথপুর এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের দাবি তাঁরা ৮ টি মৃত দেহ উদ্ধার করেছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারাখানার আশেপাশে প্রায় ১০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ওই কারাখানার নিকটবর্তী কয়েকটি বাড়ি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বাজি কারখানাটি অবৈধভাবে চলছিল। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও পদক্ষেপ করেনি তারা। এদিন বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ক্ষোভপ্রকাশ করতে থাকেন। পুলিশকে ঘিরে চলতে থাকে স্লোগান।

জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কারখানার ভিতরেই অনেক শ্রমিক ছিলেন। ভয়াবহ বিস্ফোরণে একাধিক দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলের আশেপাশে ছড়িয়ে রয়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের তিনটি শিশুও রয়েছে বলে খবর। পুলিশের প্রাথমিক অনুমান, বাজি কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় এই বিস্ফোরণ হয়েছে। তদন্ত শুরু হয়েছে, কারখানাটির কোনও লাইসেন্স আছে কি না? নাকি অবৈধভাবেই বাজি তৈরি করা হচ্ছিল, সবই খতিয়ে দেখা হবে।



উল্লেখ্য, গত মে মাসের ১৬ তারিখ এগরায় একটি বাজি কারাখানায় মারাত্মক বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ৯ জনের। তার কয়েকদিনের মাথায় গত ২১ মে বজবজের একটি বাড়িতে বাজি বিস্ফোরণ হয়। এই দুটি কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছিল। শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে গিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এগরা-বজবজের দুর্ঘটনার মাত্র সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ।
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, তিন শিশু সহ নিহত কমপক্ষে ৮








